সিঙ্গাপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো বৃহস্পতিবার এপেক সম্মেলনে অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনায় অটল থাকার পাশপাশি একযোগে বাজার-মুখী মুদ্রা বিনিময় হার নির্ধারণের আহ্বান জানিয়েছে। যাতে নাজুক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যেই শুরু হওয়া পুনরুদ্ধার প্রক্রিয়া টিকিয়ে রাখা যায়।
এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (এপেক) ফোরামের অর্থমন্ত্রীরা অর্থনৈতিক-সঙ্কট পরবর্তী বিশ্ব অর্থনীতি শক্তিশালী করা নিয়ে সিঙ্গাপুরে এ বৈঠক করেন। সামষ্টিক অর্থনীতি ও নিয়ন্ত্রক নীতিমালা বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সম্পদের উবে যাওয়া ও ঋণের মাত্রাতিরিক্ত ব্যবহার ঠেকানোর উপায় খুঁজেছেন তারা।
এক বিবৃতিতে মন্ত্রীরা বাজার-মুখী বিনিময়-হার এর ভিত্তিতে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মুদ্রানীতি গ্রহণ করতে একমত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, এপেক অঞ্চলের জন্য সহায়ক আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যাপারে আমরা একমত হয়েছি যাতে ভবিষ্যতে আরও গভীর অর্থনৈতিক মন্দা এড়ানো সম্ভব হয় এবং বর্তমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া কার্যকর ফল দেওয়া পর্যন্ত আমরা সক্রিয় থাকতে পারি।"
একইসঙ্গে নেতারা যুক্তরাষ্ট্রের মতো বাজার-মুখী মুদ্রা বিনিময় হার নির্ধারণের আহ্বান জানিয়েছেন। যেখানে ডলারের মান পড়ে যাওয়া নিয়ে উদ্বেগ্ন রয়েছে। বিশেষ করে বেজিংয়ের প্রতি দ্রুত ইউয়ানের যথাযথ মান নির্ধারণের কথা বলা হয়েছে।
২১-জাতি এই প্যাসিফিক রিম গ্র"পে চীনও আছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা সামাল দিতে দেশটি ২০০৮ সালের মাঝামাঝি সময় থেকে ডলারের বিপরীতে তাদের মুদ্রা একই মানে স্থির রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সপ্তাহে এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "আগামী সপ্তাহে চীন সফরকালে তিনি মুদ্রা ইস্যুটি তুলবেন। তার প্রশাসন বলছে, ডলারের বিপরীতে ইউয়ানের কম দামই দু'দেশের মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীনতার কারণ।" চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ান মান নির্র্ধারণের ক্ষেত্রে প্রধান মুদ্রাগুলোর মানের বিষয়টি বিবেচনায় রাখবে বলে জানিয়েছে।
বৈঠকের পর ট্রেজারি সেক্রেটারি টিমোথি গেইথনার বলেন, "অর্থনৈতিক পুনরুদ্ধার নীতিমালার সময়সূচী একেক দেশে একেকরকম হবে। কিন্তু প্রথমেই যা করা প্রয়োজন তা হচ্ছে, ব্যবসায় আস্থা এবং অর্থনৈতিক পদ্ধতি পুনরুদ্ধার করা। প্রবৃদ্ধিই চ্যালেঞ্জ। প্রথমে প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে। তবে একইসঙ্গে ব্যবসায় আস্থা ফেরানো, বিনিয়গ বাড়ানো, বেকারত্ব কমানো এবং আর্থিক খাত সংস্কারের বিষয়টিও নিশ্চিত করতে হবে। এগুলোই আমাদের প্রধান চ্যালেঞ্জ।"
মন্ত্রীপর্যায়ের এ বৈঠকের পর এ সপ্তাহান্তে এপেক নেতাদের আরেকটি বৈঠক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৫৫৪ ঘ.
bdnews24