কাবুল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে ইইউ এর সঙ্গে 'সমস্যাশঙ্কুল অধ্যায়' এর পর সম্পর্ক মেরামতির সফরে মঙ্গলবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ট।
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ইইউ পর্যবেক্ষকরা কারজাইয়ের পক্ষের বেশ কিছু ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করলে দুপক্ষের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। একেই 'সমস্যাশঙ্কুল অধ্যায়' আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বিল্ট সম্পর্ক মেরামত করতে আফগানিস্তানে গেছেন।
কারজাই প্রেসিডেন্ট পুননির্বাচিত হওয়ার পর বিল্টই পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের কোনও কূটনীতিক যিনি আফগানিস্তান সফরে গেলেন।
বিল্ট জানান, আফগানিস্তানে দুর্নীতি কমানো এবং অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিকল্পনার সূচনা করতে চান তিনি।
কাবুলে এক সংবাদ সম্মেলনে বিল্ডট সাংবাদিকদের বলেন, "আফগানিস্তানে উন্নয়নে আমরা আরও ব্যাপক ও শক্তিশালী সমর্থন দিতে চাই।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, "নির্বাচনের পর যে সমস্যাশঙ্কুল সময় ছিল তা পাড়ি দিয়ে আমরা এখন একটি নতুন পরিস্থিতিতে আছি। সুতরাং, আমাদের নবসূচনা করতে হবে।"
আফগানিস্তানে সেনা পাঠাতে ইউরোপ অনিচ্ছুক। গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসোর করা এ মন্তব্য পুনর্ব্যক্ত করে বিল্ট বলেন, "আমি সেনা সংখ্যার বিচার করতে পারি না। তবে আমার মনে হয় যা আছে সেনা সংখ্যা মোটামুটি তা-ই থাকবে।"
ইউরোপের প্রায় ৩৫ হাজার সেনা আফগানিস্তানে নিয়োজিত আছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সুইডেন প্রায় ৫শ' সেনা মোতায়েন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩৪৩ ঘ.
bdnews24