২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবে বড় কোনও ভুল করিনি: ওবামা

দিনে একটা ভুল হয়ত হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে গত ১০ মাসে বড় ধরনের কোনও ভুল হয়েছে বলে মনে করেন না বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 06:29 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- দিনে একটা ভুল হয়ত হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে গত ১০ মাসে বড় ধরনের কোনও ভুল হয়েছে বলে মনে করেন না বারাক ওবামা। ওবামার পূর্বসুরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার প্রথম মেয়াদ শেষে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, তার মনে হয় না তিনি কোনো ভুল করেছেন। সোমবার ওই একই প্রশ্ন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে করা হলে তিনি তড়িৎ গতিতে নিজের অবস্থান ঠিক করে নেন। স্মিত হেসে ওবামা বলেন, "আমরা প্রতিদিন কমপক্ষে একটি হলেও ভুল করি।" ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "তবে আমি এটা বলব যে, আমার মনে হয় না আমরা বড় কোনো ভুল করেছি।" একইসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয় না আমরা গুরুতর কোনো ভুল করেছি।" ওবামাকে কিছু ভুলের উদাহরণ দিতে বলা হলে তিনি প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় তার দল যেভাবে সামাল দিয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন। ব্যক্তিগত কর নিয়ে সমস্যার কথা উল্লেখ করেন তিনি। তাছাড়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট আফ্রিকান-আমেরিকান পন্ডিতের বিতর্কিত গ্রেপ্তারের ঘটনায় ওবামা যেভাবে মন্তব্য করেছেন তা নিয়েও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "মানে, এ ধরনের অনেক কিছুই আছে যেগুলোতে ভুল-ভ্রান্তি হয়েছে।" কিন্তু তিনি বলেন, "অর্থনীতি পুনরুদ্ধার, ইরাক থেকে সেনা প্রত্যাহারের পথে আগানো, আফগানিস্তানে নবদ্যোমে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের আগের সাত প্রেসিডেন্টও যা করতে পারেননি তেমন স্বাস্থ্যনীতি পাস করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমাদের ভালো অগ্রগতি হয়েছে বলেই আমি মনে করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৩৯ ঘ.