কলম্বিয়া, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভেনেজুয়েলার যুদ্ধের হুমকির মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং 'অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস'(ওএএস) এর দ্বারস্থ হবে কলম্বিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কলম্বিয়ার সঙ্গে যুদ্ধের জন্য তার সেনাদের প্রস্তুতির নির্দেশ দেওয়ার পর রোববার বোগোটা একথা বলেছে।
শ্যাভেজ কয়েক মাস ধরেই বলে আসছেন, গত মাসে ওয়াশিংটন এবং বোগোটার মধ্যে সই হওয়া সামরিক সহযোগিতা চুক্তির ফলে কলম্বিয়া থেকে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পট প্রস্তুত হতে পারে।
কিন্তু যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া এমন আশঙ্কা নাকচ করেছে। তারা বলেছে, কলম্বিয়ায় মার্কসবাদী বিদ্রোহী এবং মাদক পাচারকারীদের সঙ্গে লড়াই করাই ওই সামরিক সহযোগিতা চুক্তির লক্ষ্য।
কিন্তু রোববার টেলিভিশনে এক ভাষণে শ্যাভেজ আঞ্চলিক শান্তি রক্ষার সবচেয়ে ভালো উপায় হিসাবে তার সেনাবাহিনীকে কলম্বিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পরক্ষণেই তার বিবৃতির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিব।
এক বিবৃতিতে ইউরিব বলেন, "ভেনেজুয়েলা সরকারের উচ্চারিত যুদ্ধের হুমকি মাথায় রেখে কলম্বিয়া সরকার অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে।"
কলম্বিয়া এর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক বিবাদ নিয়ে অবাধ আলোচনার আহ্বানও জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫২ ঘ.
bdnews24