২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বব ম্যাকডোনেল। ওদিকে, নিউ জার্সির গভর্নর নির্বাচনেও সম্ভাব্য পরাজয়ের মুখে রয়েছে ডেমোক্র্যাটরা। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার একবছর পর গুরুত্বপূর্ণ এই দুই গভর্নর নির্বাচনকে প্রতিপক্ষ দুই দলের অবস্থান ধরে রাখার পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বব ম্যাকডোনেল। ওদিকে, নিউ জার্সির গভর্নর নির্বাচনেও সম্ভাব্য পরাজয়ের মুখে রয়েছে ডেমোক্র্যাটরা। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার একবছর পর গুরুত্বপূর্ণ এই দুই গভর্নর নির্বাচনকে প্রতিপক্ষ দুই দলের অবস্থান ধরে রাখার পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে। নিউ ইয়র্কেও মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আছেন কনজারভেটিভ প্রার্থী। নিউ ইয়র্কে স্বতন্ত্র মেয়র মাইকেল ব্লুমবার্গ তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন ডেমোক্র্যাট পতিপক্ষ বিল থম্পসনের সঙ্গে। নির্বাচনপূর্ব জরিপে দেখা গেছে, থম্পসনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ব্লুমবার্গ। তিন জায়গায় ডেমোক্র্যাটদের পিছিয়ে পড়া থেকে ওবামার প্রেসিডেন্সির এক বছরে মার্কিন জনগণের মনোভাব কেমন তার একটি আভাস পাওয়া যাচ্ছে। ভার্জিনিয়ায় নির্বাচন শেষের এক ঘন্টা পরই মার্কিন টেলিভিশন নেটওয়ার্কে বলা হয়েছে, ডেমোক্র্যাট ক্রেইগ ডিডস এর বিপরীতে রিপাবলিকান বব ম্যাকডোনেল সহজ জয় পেয়েছেন। নিউ জার্সিতে রিপাবলিকান প্রার্থী ক্রিস ক্রিস্টিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্র্যাটিক গভর্নর জন কোরজিনের। বুথফেরত জরিপে দেখা গেছে, দুপ্রার্থীই সমান সমান অবস্থানে রয়েছেন। তবে গভর্নর নির্বাচনের ভোট ওবামার ওপর জনরায় হোক বা না হোক ভোটাররা স্পষ্টতই যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ৯ দশমিক ৮ শতাংশ বেকারত্বের হারের কারণে যারা ভোগান্তি পোহাচ্ছে তারা। ওবামা বেকারত্বের এই হার কমাতে পারেননি। ভার্জিনিয়ায় ৯০ শতাংশ মার্কিনি এবং নিউ জার্সির ৮৫ শতাংশ মার্কিনিই বলেছে, তারা আসছে বছর দেশের অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে উদ্বিগ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৭ ঘ.