মারাকেশ, মরক্কো, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল বসতিস্থাপনে সংযম দেখানোর যে প্রস্তাব দিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ হচ্ছে না। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত নমনীয়তা নিয়ে আরব বিশ্বের ক্ষোভ প্রশমনের চেষ্টায় পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার এ মন্তব্য করেছেন।
মরক্কোয় আবর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে হিলারি এ মন্তব্য করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "ইসরায়েল যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন এবং আরব বিশ্বের ইহুদি বসতিস্থাপন বন্ধের আহ্বানে সাড়া দিয়ে এ কার্যক্রমে সংযত থাকার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু তাদের এই সাড়া আমাদের প্রত্যাশামাফিক হয়নি।"
অধিকৃত অঞ্চলে ইসরায়েলের বসতিস্থাপন চালিয়ে যাওয়ার বৈধতা যুক্তরাষ্ট্র মানে না উল্লেখ করে তিনি বলেন, "এখন বসতিস্থাপন বন্ধ করার সময়।"
অন্যদিকে, পশ্চিম তীরে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আলোচনার ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য হিলারি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশংসা করেন এবং ইসরায়েলকেও সহযোগিতার হাত বাড়াতে বলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে হিলারি অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধে আরও বলপ্রয়োগে ব্যর্থ হওয়ার পর আরব নেতাদের শান্ত করার এ চেষ্টা নিলেন।
ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর শর্ত হিসাবে ইহুদি বসতিস্থাপন বন্ধের দাবি জানিয়ে আসছে। আরব লীগের প্রধান আমর মুসাও ফিলিস্তিনের পক্ষ সমর্থন করে বলেছেন, বসতিস্থাপন বন্ধ করা ছাড়া আলোচনা শুরু করাটা বৃথা যাবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হিলারি মরক্কো থেকে মিসর যাবেন। বুধবার মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেও ফিলিস্তিনি-ইসরায়েল শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।
মুখপাত্র জানান, আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে হিলারি ইসরায়েল কি বিষয় উপস্থাপন করেছে তা বোঝানোর এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
তিনি বলেন, "স্বাভাবিকভাবেই জেরুজালেমে তার যে অবস্থান ছিল তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।" আরব নেতাদের ক্ষোভ প্রশমনে হিলারির চেষ্টা সম্পর্কে তিনি বলেন, "একে আমি জন কূটনীতি আখ্যা দেব।"
ওদিকে, সোমবার সকালে আমর মুসা বলেন, ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি আলোচনা পুনরায় শুরুর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টা বসতিস্থাপন নিয়ে অচলবস্থার কারণে ব্যর্থ হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৬ ঘ.
bdnews24