২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহর প্রস্থানে ভবিষ্যৎ আফগান সরকার নিয়ে সংশয়

আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ ২য় দফা ভোট থেকে সরে দাঁড়ানোয় নির্বাচনের ভবিষ্যৎ এবং পরবর্তী আফগান সরকারের বৈধতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 05:47 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

কাবুলে, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ ২য় দফা ভোট থেকে সরে দাঁড়ানোয় নির্বাচনের ভবিষ্যৎ এবং পরবর্তী আফগান সরকারের বৈধতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সরকার ও নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি পূরণ করেনি অভিযোগ করে আবদুল্লাহ ২য় দফা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। কাবুলে সমর্থকদের উদ্দেশ্যে আবদুল্লাহ বলেন, "আমি নির্বাচনে অংশ নেব না....... খুব সহজে আমি এ সিদ্ধান্ত নেইনি।" আবদুল্লাহ আরও বলেন, 'জাতির স্বার্থে' তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।" তবে তিনি কাউকে ৭ নভেম্বরের নির্বাচন বয়কট করতে বলেননি বলেও জানান। প্রেসিডেন্ট হামিদ কারজাই শিবির বলেছে, আবদুল্লাহ নির্বাচনে না দাঁড়ালেও ভোট হবে। ওদিকে, ইন্ডপেনডেন্ট ইলেকশন কমিশন (আইইসি)'র প্রধান নির্বাচনী কর্মকর্তা দাউদ আলী নাজাফিও রয়টার্সকে বলেছেন, আবদুল্লাহ সরে দাঁড়ালেও আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, ৭ নভেম্বরের নির্বাচন হতেই হবে। কিন্তু মাত্র একজন প্রার্থী নিয়ে কিভাবে ভোট অনুষ্ঠান করা হবে তা নির্ধারণ করা কঠিন ব্যাপার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র আলীম সিদ্দিকী। ভোট অনুষ্ঠান নিয়ে এই সংশয়ের মধ্যে কারজাই শিবির আবদুল্লাহর সঙ্গে কোনও জোট গড়ার সম্ভাবনা নাকচ করে অচলবস্থা থেকে বের হয়ে আশার সব আশাই নস্যাৎ করেছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশলের সিদ্ধান্তের জন্য একটি শক্তিশালী বৈধ সরকার গুরুত্বপূর্ণ। কিন্তু আবদুল্লাহর সিদ্ধান্তে ভবিষ্যৎ সরকারের বৈধতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আফগান কর্মকর্তারাই। সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত আফগান কর্তৃপক্ষকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। কয়েক সপ্তাহের রাজনৈতিক অনিশ্চয়তায় জর্জরিত আফগানিস্তানে ২য় দফা ভোট বানচাল করার তালেবানদের অঙ্গীকার বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ হয়ে আছে। এ অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চাপের মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে নির্বাচন থেকে আবদুল্লাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে আরও টানাপোড়েন এবং বিদ্রোহি সহিংসতা উস্কে দেবে বলেই মনে করছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। আবদুল্লাহ প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণ করার বেঁধে দেওয়ার সময়সীমা শনিবার কোনও ব্যবস্থা ছাড়াই পার হয়। প্রথম দফা নির্বাচনে জালিয়াতির পুনরাবৃত্তি এড়াতে আবদুল্লাহ নির্বাচনী কর্মকর্তা অপসারণের দাবি জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৫ ঘ.