জেনেভা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রায় ১০০টি উন্নয়নশীল দেশে এইচ১এন১ ফ্লু'র টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কয়েকটি দেশে শিগগিরই এই টিকা দেওয়া শুরু হবে। একজন টিকা বিশেষজ্ঞ শুক্রবার একথা বলেছেন।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির টিকা গবেষণার প্রধান ম্যারি-পল কিনি বলেছেন, ১৬টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিগগিরই দেশগুলোতে টিকা দেওয়া শুরু হবে। দেশগুলোর জনসংখ্যার ২ শতাংশ পর্যন্ত লোকের জন্য পর্যাপ্ত টিকা দেওয়া হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশগুলোর স্বাস্থ্যকর্মীদের শুরুতে এই টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
পর্যায়ক্রমে ৯৫টি উন্নয়নশীল দেশের ১০ শতাংশের বেশি মানুষকে সোয়াইন ফ্লু নামে পরিচিত এইচ১এন১ মহামারী থেকে রক্ষার এই টিকা দেওয়া হবে।
ম্যারি-পল বলেন, চারটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা দেশ ডব্লিউএইচও-কে ১৫৬ মিলিয়ন ডোজ টিকা দান করেছে। তারা আশা করছেন, ৯৫টি দেশকে সহায়তা করার জন্য টিকা পাওয়ার পরিমাণ ২০০ মিলিয়ন ডোজ ছাড়িয়ে যাবে।
দাতাদেশগুলো সিরিঞ্জ, সুঁই ও অর্থ দিয়েও স্বাস্থ্য সংস্থাটিকে সাহায্য করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫২ ঘ.
bdnews24