২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া পরমাণু চুক্তিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব ইরানের

জাতিসংঘের খসড়া পরমাণু চুক্তিতে বৃহস্পতিবার বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের গণমাধ্যম একথা বলেছে। এ প্রস্তাবে ইরান এমন কয়েকটি দাবি করেছে যেগুলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে ওই চুক্তির মূল ভিত্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

তেহরান, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- জাতিসংঘের খসড়া পরমাণু চুক্তিতে বৃহস্পতিবার বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের গণমাধ্যম একথা বলেছে। এ প্রস্তাবে ইরান এমন কয়েকটি দাবি করেছে যেগুলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে ওই চুক্তির মূল ভিত্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে গত শুক্রবারেই মধ্যেই চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ জানিয়েছিল। কিন্তু তেহরানের কাছ থেকে প্রাথমিক সাড়াটা এখন পাওয়া গেল বলে জানিয়েছেন আইএইএ'র প্রধান এল বারাদি। এক বিবৃতিতে আইএইএ বলেছে, "এল বারাদি ইরান সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় নিয়োজিত। তার প্রস্তাবে খুব শিগগিরি মতৈক্য হবে বলে তিনি আশাবাদী।" বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের সরকারপন্থি ডেইলি জাভান কোনও সূত্রের উল্লেখ না করে এক প্রতিবেদনে বলেছে, "ইরান তেহরানের রিসার্চ রিএক্টরের জন্য কম-সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) প্রক্রিয়াজাত করতে এককভাবে বিদেশে না পাঠিয়ে বরং ধাপে ধাপে পাঠাতে চায়। তাছাড়া, একই প্ল্যান্টের জন্য তারা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রমাগত অন্যান্য দেশ থেকে আমদানি করতে চায়। ইরানের এই শর্তগুলো পশ্চিমারা মেনে নেবে না বলেই মনে করা হচ্ছে। এল বারাদির পরিকল্পনা অনুযায়ী, তেহরানের ১ দশমিক ৫ টন এলইইউর ৭৫ শতাংশ আরও সমৃদ্ধ করতে এ বছর শেষে একটি শিপমেন্টে রাশিয়ায় পাঠানোর কথা রয়েছে। এটি এরপর জ্বালানিতে রূপান্তর করতে পাঠানোর কথা রয়েছে ফ্রান্সে। ফ্রান্স থেকে সমৃদ্ধ জ্বালানি পরমাণু চিকিৎসার জন্য অবার তেহরানে পাঠানোর কথা। কিন্তু ইরান সর্বশেষ যে দাবি জানিয়েছে তাতে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। তারা বলেছে, আইএইএ'র প্রস্তাবে ইরান স্পষ্ট ও ইতিবাচক সাড়া দেবে সেটিই তারা দেখতে চায়। তেহরানের প্রস্তাবিত সংশোধনী পশ্চিমাদের প্রত্যাখ্যান করার সম্ভাবনাই এক্ষেত্রে বেশি। কারণ, তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে, ইরানের এলইইউ এর মজুদ কমানো এবং উচ্চমাত্রার-সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান যাতে পরমাণু বোমা বানাতে না পারে সেটি নিশ্চিত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৭ ঘ.