২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আফগান যুদ্ধ কৌশল পর্যালোচনা শেষের পথে

আফগানিস্তান যুদ্ধ কৌশল নিয়ে হোয়াইট হাউসের পর্যালোচনা শেষের পথে পৌঁছেছে। মার্কিন সামরিক প্রধানরা শুক্রবারই আফগান যুদ্ধ কৌশল এবং সেনাশক্তি বাড়ানোর সুপারিশমালা প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে জমা দিচ্ছেন। পেন্টাগনের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান যুদ্ধ কৌশল নিয়ে হোয়াইট হাউসের পর্যালোচনা শেষের পথে পৌঁছেছে। মার্কিন সামরিক প্রধানরা শুক্রবারই আফগান যুদ্ধ কৌশল এবং সেনাশক্তি বাড়ানোর সুপারিশমালা প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে জমা দিচ্ছেন। পেন্টাগনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। হোয়াইট হাউসে সেনাবাহিনীর মেরিন কোর, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস, চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ এডমিরাল মাইক মুলেন, জয়েন্ট চিফস এর ভাইস চেয়ারম্যান জেনারেল কার্টরাইট। কর্মকর্তারা বলেন, "তারা তাদের সমন্বিত ও ব্যক্তিগত মতামত প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন।" পেন্টাগনের প্রেস সেক্রেটারি জেওফ মোরেল বলেছেন, কৌশল পর্যালোচনা শেষ পর্যায়ে রয়েছে। তবে হোয়াইট হাউস পরিস্কার করে জানিয়ে দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে আফগানিস্তানে ৭ নভেম্বরের ২য় দফা ভোটের পর পর্যন্ত তারা অপেক্ষা করতে চায়। পাকিস্তান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আফগানিস্তানের নির্বাচন সম্পন্ন হওয়ার পরই কোনও এক সময় সিদ্ধান্ত ঘোষণা করবেন ওবামা। ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ওবামা অপেক্ষা করবেন বলে জানান তিনি। এ প্রক্রিয়া সম্পন্ন হতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে। আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল আগামী বছর আফগানিস্তানে অতিরিক্ত ৪০ হাজার সেনা পাঠানোর সুপারিশ করেছেন। এর মধ্যে আফগানি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক পাঠানোরও সুপারিশ রয়েছে। হোয়াইট হাউস বলেছে, কম না বেশি সেনা পাঠানো হবে ওবামা এখনও সে সিদ্ধান্ত নেননি। সম্পদের সহজলভ্যতার সঙ্গে সঙ্গতি রেখে বেশি সেনা পাঠানোর ব্যাপারে সামরিক প্রধানরা কি মতামত দেন তার ওপরই ওবামার এ সিদ্ধান্ত অনেকখানি নির্ভর করছে বলে জানিয়েছে পেন্টাগন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩