২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে হামলার পর আফগানিস্তানে নিরাপত্তা বাড়াবে জাতিসংঘ

কাবুলের জাতিসংঘ অতিথিশালায় এ সপ্তাহে বড় ধরনের বোমা হামলার পর আফগানিস্তানে নিরাপত্তাকর্মী আরও বাড়ানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 05:53 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

জাতিসংঘ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলের জাতিসংঘ অতিথিশালায় এ সপ্তাহে বড় ধরনের বোমা হামলার পর আফগানিস্তানে নিরাপত্তাকর্মী আরও বাড়ানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এক ব্রিফিংয়ের পর বান সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে জাতিসংঘ স্টাফদের বিরুদ্ধে নাটকীয়ভাবে বেড়ে যাওয়া হুমকি ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ইউনিট প্রয়োজন। তবে এর জন্য ঠিক কত সংখ্যক নিরাপত্তা কর্মকর্তা প্রয়োজন পড়বে তা তিনি উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, আফগানিস্তানকে রক্ষায় জাতিসংঘ ও প্রাইভেট সিকিউরিটি দুটোরই ব্যবস্থা করা হবে। কাবুলের জাতিসংঘ অতিথিশালায় গত বুধবার বোমা হামলায় ৫ জন জাতিসংঘ স্টাফ নিহত হয়। বান বলেন, জাতিসংঘ খুব বেশি হামলার লক্ষ্য হচ্ছে। ৭ নভেম্বরে আফগানিস্তানে ২য় দফা ভোটের কথা উল্লেখ করে বান বলেন, এ নির্বাচনে আমাদের সমর্থনের কারণেই বিশেষত এটি হচ্ছে। তিনি আরও বলেন, আফগানিস্তান এবং প্রতিবেশী পাকিস্তানই বিশ্বে জাতিসংঘ স্টাফদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। তিনি বলেন, শান্তিরক্ষীদের বাদ দিয়েই এ বছর সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে ২৭ জন জাতিসংঘ কর্মকর্তা। এর অর্ধেকই নিহত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানে। বান জানান, আফগানিস্তানে স্বল্প মেয়াদে যে সব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে তার মধ্যে আছে দেশব্যাপী জাতিসংঘকর্মীদের সুসংহত করা। বান জানান, তিনি নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন এবং নিরাপত্তা পরিষদের সমর্থন পেয়েছেন। আফগানিস্তানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য শুক্রবার তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন চাইবেন বলে জানান। কূটনীতিকরা বলছেন এর জন্য অতিরিক্ত তহবিলের প্রয়োজন পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৬ ঘ.