২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তির কিছু পরিবর্তন আনতে বলবে ইরান

ইরানের পরমাণু জ্বালানি প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠানো সংক্রান্ত জাতিসংঘ চুক্তি অনুমোদন করবে তেহরান তবে চুক্তিতে বেশকিছু "গুরুত্বপূর্ণ পরিবর্তন" আনারও দাবি জানাবে। দেশটির 'আল আলম' নামের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

তেহরান, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের পরমাণু জ্বালানি প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠানো সংক্রান্ত জাতিসংঘ চুক্তি অনুমোদন করবে তেহরান তবে চুক্তিতে বেশকিছু "গুরুত্বপূর্ণ পরিবর্তন" আনারও দাবি জানাবে। দেশটির 'আল আলম' নামের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। আরবি ভাষার সেটেলাইট টেলিভিশনটি পরিচয় উল্লেখ না করা এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, প্রস্তাবিত চুক্তির ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেবে তেহরান। আল আলম বলেছে, ইরান "খসড়া প্রস্তাবটির সাধারণ রূপরেখার বিষয়ে রাজি হবে এবং কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার অনুরোধ জানাবে।" কী ধরনের পরিবর্তনের জন্য অনুরোধ জানানো হবে তার বিস্তারিত জানায়নি টেলিভিশনটি। তাৎক্ষণিকভাবে ইরানের পরমাণু জ্বালানি সংস্থারও কোনো মন্তব্য জানা যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির সোমবার চুক্তিটি মেনে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। মোত্তাকি বলেন, ইরান হয় কিছুপরিমাণ কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিশেষভাবে প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠাবে নয়ত বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম কিনবে। পারমাণবিক চিকিৎসার লক্ষ্যে পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার বলে জানিয়েছে ইরান। ইরানা বার্তা সংস্থায় মোত্তাকির উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই জ্বালানি পেতে আমাদের অতীতের মতো অর্থ ব্যয় করতে হতে পারে কিংবা আমাদের এ মুহূর্তে যে জ্বালানি আছে তার কিছু অংশ জমা দিতে পারি। যেটি আপাতত আমাদের আরও প্রক্রিয়াজাত করার প্রয়োজন নেই। এ ব্যাপারে ইরান আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে জানান মোত্তাকি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা বলেছেন, ইসরায়েলি বিমান হামলা এড়াতে তেহরানের সঙ্গে চুক্তি করাটা বিশ্বশক্তিগুলোর জন্য জরুরি। তিনি বলেন, "তারা (ইসরায়েল) ইরানের বোমা সহ্য করবে না। আমরা সবাই সেটা জানি। সুতরাং এটি একটি বাড়তি ঝুঁকি। আর সেকারণেই আমাদের উত্তেজনা কমাতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে।ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ইসরায়েল প্রতিক্রিয়া জানানোর আগে আমাদেরকে সময় দেবে। কারণ পরিস্কার হুমকি দেখতে পাওয়া মাত্র প্রতিক্রিয়া জানাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৬ ঘ.