শ্রীনগর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতীয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা হিমালয় রাজ্যটির বহুদশকের সমস্যা সমাধানের লক্ষ্যে যে কোনো আলোচনার আগে নয়াদিল্লির প্রতি সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তিদান এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদামবারাম এ মাসের গোড়ার দিকে বলেছেন, নয়াদিল্লি "নিবিড় সংলাপ ও নিবিড় কূটনীতির" মাধ্যমে বিরোধপূর্ণ অঞ্চলটির সব ধরনের রাজনৈতিক মতামতকে বিবেচনায় নেবে।
নয়াদিল্লি অবশ্য আলোচনার কোনো সময় নির্ধারণ করেনি কিংবা কীভাবে এ আলোচনা হবে তারও ব্যাখ্যা দেয়নি।
ভারতের এই নতুন আলোচনার আহ্বানকে স্বাগত জানানো কাশ্মীরের মধ্যপন্থি ও প্রধান বিচ্ছিন্নতাবাদী জোট সর্বদলীয় হুরিয়াত (মুক্তি) সম্মেলন রোববার নয়াদিল্লির প্রতি "ফলপ্রসু আলোচনার জন্য আস্থাঅর্জনের" আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে হুরিয়াত বলেছে, "সংলাপ প্রক্রিয়া শুরুর আগে ভারতের উচিত হবে এ অঞ্চলকে অসামরিকৃত করা, নিবর্তনমূলক আইন বাতিল ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার এবং বন্দিদের মুক্তি দেওয়া...।"
হুরিয়াত এ আহ্বান জানালেও কট্টরপন্থিরা কাশ্মীরের ভারতের ৬২ বছরের শাসনের বর্ষপূর্তি ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ অঞ্চল সফরের প্রতিবাদে মঙ্গলবার থেকে দুদিনের বনধ ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৩ ঘ.
bdnews24