কাবুল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের তালেবানরা শনিবার জনগণের প্রতি আগামী মাসে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা এই নির্বাচনও বানচাল করার হুমকি দিয়েছে।
রয়টার্সকে ইমেইল করা বার্তায় তালেবানরা বলেছে, "আফগানিস্তানের ইসলামিক আমিরাত শ্রদ্ধেয় দেশবাসীর প্রতি নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানাচ্ছে।" আরও বলা হয়েছে, এই নির্বাচনী প্রক্রিয়া ওয়াংশিটনের ইচ্ছানুযায়ী চলছে।
৭ নভেম্বরের নির্বাচনের জন্য স্থাপিত হাজার হাজার ভোটকেন্দ্র সম্পর্কে বিবৃতিতে বলা হয় "এই প্রক্রিয়া ব্যর্থ করতে মুজাহিদরা শত্র"দের কেন্দ্রগুলোতে অভিযান চালাবে।"
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার বলেছেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচন ভাল ও পরিচ্ছন্ন হোক তা চান তিনি। আট বছর ধরে যুদ্ধে দেশটিতে এখন তালেবানদের সবচেয়ে বেশি সহিংসতার মধ্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি চলছে পুরোদমে। কিন্তু বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে। এই ভোটের জন্য পূর্ণনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার যথেষ্ট সময় পাওয়া যাবে না বলে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন এক শীর্ষ কর্মকর্তা।
২০ আগস্ট আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে কারজাই ৫০ শতাংশের বেশি ভোট পেলেও জাতিসংঘ সমর্থিত নির্বাচনী অভিযোগ অনুসন্ধানকারী কমিটি জালিয়াতির অভিযোগে তার অনেক ভোট বাতিল করে দেয়। ফলে তার ভোট ৫০ শতাংশের নিচে নেমে যায়। এতে নির্বাচনী আইনানুযায়ী প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় দফা ভোট অনিবার্য হয়ে ওঠে। কারজাই তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে পুনরায় ভোটযুদ্ধে অবতীর্ণ হতে রাজি হন।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে কারজাই বলেছেন, দেশে স্থিতিশীলতার স্বার্থে তিনি দ্বিতীয় দফা নির্বাচন মেনে নিয়েছেন।
তিনি বলেন, "আমরা এখন দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনে অবতীর্ণ হতে যাচ্ছি। আমি চাই এই নির্বাচন প্রথম দফা থেকে ভালো হোক।"
গত আট বছরের মধ্যে আফগানিস্তানে সহিংসতা বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই চলছে ভোটের প্রস্তুতি। একই সময়ে তালেবান বিরোধী অভিযানে সেনা বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
৭ নভেম্বরের ভোটের জন্য জনবল ও অন্যান্য সাজ-সরঞ্জামের ঘাটতিসহ বিলিবন্টন ব্যবস্থায়ও সমস্যার মুখোমুখি হচ্ছে আফগান কর্তৃপক্ষ।
আফগানিস্তানের 'ইনডিপেন্ডেন্ট ইলেকটোরাল কমিশন' (আইইসি) এর প্রধান দাউদ আলি নাজাফি জানান, ভোট অনুষ্ঠানে হাজার হাজার ভোটকেন্দ্রের পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য নিরাপত্তা বাহিনী যথেষ্ট সময় পাবে না। একারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
নাজাফি বলেন, "আমার মনে হয় না নিরাপত্তা বাহিনী সময়মতো ২য় দফা ভোটের জন্য ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে সক্ষম হবে। নিরাপত্তা সত্যিকার অর্থেই আমাদের জন্য একটি বিরাট চিন্তার বিষয়।"
প্রথম দফা নির্বাচনের সময় তালেবানরা ভোট বানচালের হুমকি দিয়ে ভোটকেন্দ্রগুলোতে দফায় দফায় হামলা চালায়। এতে তালেবানরা ভোট বানচাল করতে না পারলেও হামলার কারণে বহু আফগানই ভোট দিতে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমএইচবি/১৬২৭ ঘ.
bdnews24