ওয়াশিংটন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সৌরজগতের বাইরে নক্ষত্রগুলোকে প্রদক্ষিণরত আরও ৩২টি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন ইউরোপীয় জ্যোর্তিবিজ্ঞানীরা। তারা আরও জানিয়েছেন, তাদের বিশ্বাস সূর্য্যের মতো নক্ষত্রগুলোর শতকরা ৪০ ভাগ বা তারও বেশির এ ধরণের গ্রহ রয়েছে।
এ গ্রহগুলো আকারে পৃথিবীর পাঁচগুণ থেকে বৃহস্পতি গ্রহের পাঁচগুণের কাছাকাছি। আরও গ্রহ আবিষ্কৃত হচ্ছে এবং এ বছরের শেষ দিকে এ বিষয়ে আরও ঘোষণা দেওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।
সুইজারল্যান্ডের 'জেনেভা অবজারভেটরি' এর স্টিফেন উড্রি জানান, নতুন এ আবিষ্কারের ফলে সৌর জগতের বাইরে প্রায় ৪শ'টি গ্রহ আবিস্কৃত হল।
পর্তুগালের পোর্তোতে জ্যোর্তিবিজ্ঞানীদের এক বৈঠক থেকে ইনটারনেট ব্রিফিং এ সাংবাদিকদের উড্রি বলেন, "প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। তাই যেখানে শূন্যতা থাকে সেটা গ্রহ দিয়ে ভরে দিয়ে প্রকৃতি।"
চিলির লা সিল্লায় ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ৩ দশমিক ৬ মিটার দূরবিনে 'হাই অ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্লানেট সার্চার' (হার্পস) ব্যবহার করে জ্যোর্তিবিজ্ঞানীরা এ গ্রহগুলো আবিস্কার করেছেন।
হার্পস এখন পর্যন্ত ৩০ টি ভিন্ন ভিন্ন নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান ৭৫টি গ্রহ আবিষ্কার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩৫৯ ঘ.
bdnews24