বার্লিন, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক কোনও সমাধানে পৌঁছতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে হবে--- এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একটি জার্মান পত্রিকায় একথা বলেছেন।
হিলারি গত সপ্তাহে রাশিয়া সফরের সময় আলোচনা ব্যর্থ হলে ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে মস্কোর সুনির্দিষ্ট কোনও প্রতিশ্র"তি পাননি। তবে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ ব্যাপারে কিভাবে অগ্রসর হতে হবে সে ব্যাপারে রাশিয়ার সঙ্গে মতৈক্য হয়েছে।
নিউজউইকের রুশ সংস্করণে এক সাক্ষাৎকারে হিলারি বলেন, "আমরা ইরানের সঙ্গে কূটনৈতিক পন্থায় এগুনোকেই প্রাধান্য দেব। কিন্তু আমরা এতে সফল না হলে অন্য পদক্ষেপ নেব।" সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জার্মানির একটি দৈনিক।
রাশিয়ার নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন হিলারি। তিনি বলেন, দু দেশ ওই পথে অগ্রসর হওয়ার ব্যাপারে পুরোপুরি একমত।
রাশিয়া এখনও ইরানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি। হিলারি বলেন এটি ইতিবাচক পদক্ষেপ। তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, "রাশিয়া এখনও ইরানে রকেট সিস্টেম সরবরাহ করেনি। আমরা একে খুব ভালো লক্ষণ হিসাবেই দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৪ ঘ.
bdnews24