২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোস্টন গ্লোব বিক্রির চিন্তা বাদ দিয়েছে টাইমস

দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি বলেছে, তারা বোস্টন গ্লোব পত্রিকা ও সম্পর্কিত ব্যবসা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে। এ বছরের গোড়ার দিকে পত্রিকাটির ব্যয় ব্যাপক কমিয়ে আনার পর আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি বলেছে, তারা বোস্টন গ্লোব পত্রিকা ও সম্পর্কিত ব্যবসা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে। এ বছরের গোড়ার দিকে পত্রিকাটির ব্যয় ব্যাপক কমিয়ে আনার পর আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইমসের এই ঘোষণায় ১৩৭ বছরের পুরনো পত্রিকাটির বেদনাপূর্ণ অনির্দিষ্ট যাত্রার অবসান ঘটল। এ বছরের গোড়ায় টাইমস হুমকি দিয়ে বলেছিল, ব্যাপক ব্যয় কমানোর প্রস্তাবে পত্রিকাটির ইউনিয়ন রাজি না হলে এটি বন্ধ করে দেওয়া হবে। গ্লোব বিক্রি করে দেওয়া টাইমসের জন্য বেশ হতাশাজনক ব্যাপার হত। ১৯৯৩ সালে গ্লোব কিনতে ১১০ কোটি ডলার ব্যয় করেছিল টাইমস কোম্পানি। সেই সময়ে যুক্তরাষ্ট্রে একটিমাত্র পত্রিকা কিনতে এটাই ছিল সর্বোচ্চ ব্যয়। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গ্লোব বিক্রির জন্য এই মাসে টাইমস দামের যে প্রস্তাব পেয়েছে তা পত্রিকাটি কিনতে দেওয়া দামের ১০ শতাংশেরও কম। টাইমস অবশ্য এ বিষয়টি জানায়নি এবং বিক্রি না করা সিদ্ধান্তের পেছনে সেটাই কারণ কিনা তা জানার জন্য কোম্পানিটির কাউকে পাওয়া যায়নি। তারা শুধু বলেছে, গ্লোবের আর্থিক ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠছে। গ্লোবের কর্মীদের উদ্দেশে বুধবার পাঠানো এক চিঠিতে টাইমস চেয়ারম্যান আর্থার সুলজবার্জার জুনিয়র এবং প্রধান নির্বাহী জেনেট রবিনসন লিখেছেন, "এ বছরের শুরুতে নেওয়া কৌশলগত পরিকল্পনা অনুসরণের মাধ্যমে গ্লোব আর্থিকভিত্তি উল্লেখযোগ্য পরিমাণে মজবুত করতে পেরেছে।" এরপর তারা পত্রিকাটি বিক্রি না করার পরিকল্পনার কথা জানান। গ্লোবের সাংবাদিক মাইকেল পলসন বলেছেন, "টাইমসের সিদ্ধান্ত গ্লোবের সংবাদ-কক্ষে জানানো হলে কোনো উৎসব-আমেজ দেখা যায়নি। তবে এক ধরনের স্বস্তি নেমে আসে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৬ ঘ.