বেইজিং, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পশ্চিমাদের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানকে একঘরে করতে আগ্রহী নয় চীন। তারা বরং উল্টো ইরানের সঙ্গে সহযোগিতা অক্ষুন্ন রাখা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলবে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার একথা বলেছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, 'সেন্ট্রাল এশিয়ান স্টেটস' এর একটি ফোরামে যোগ দিতে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা রাহিমি বেইজিং এ গেছেন। রাহিমির সঙ্গে বৈঠককালে জিয়াবাও এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যখন পরমাণু কর্মসূচির স্বচ্ছতা প্রমাণের জন্য ইরানকে ক্রমাগত চাপ দিচ্ছে ঠিক সে সময়টিতে জিয়াবাওয়ের এ মন্তব্যে এটি স্পষ্ট যে, ইরানের সঙ্গে চীনের তেল ও বিনিয়োগ সম্পর্কে কোনও ঝুঁকি নিতে ইচ্ছুক নয় বেজিং।
জিয়াবাওয়ের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, "চীন ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্ক রাখতে ইচ্ছুক। তারা পারস্পরিক সমঝোতা, আস্থা ও সহযোগিতা আরও বাড়ানো এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলতে আগ্রহী।"
তিনি আরও বলেন, "ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে চীন শান্তিপূর্ণ প্রস্তাবনা পাসে গঠনমূলক ভূমিকা পালনে ইচ্ছুক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫২ ঘ.
bdnews24