জেরুজালেম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ শান্তি চুক্তির জন্য ফিলিস্তিনকে দেওয়া কঠিন শর্তে অটল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে এক নীতি নির্ধারণী ভাষণে তিনি আবারও বলেছেন, ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র চাইলে তাদেরকে অবশ্যই একটি ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে।
পার্লামেন্টের শীতকালীন অধিবেশন উদ্বোধন করে নেতানিয়াহু বলেন, "ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাহস দেখানো ছাড়া ফিলিস্তিনিদের আর কোনও বিকল্প নেই। শান্তি প্রতিষ্ঠায় সবসময়ের জন্য এটিই প্রকৃত চাবিকাঠি।"
১৫ জুনের প্রথম নীতি নির্ধারণী ভাষণেও নেতানিয়াহু এই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকবে না এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ শর্তেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
এবারের ভাষণেও নেতানিয়াহুর একই কথার পুনরাবৃত্তিতে ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করানোর প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নেতানিয়াহু তার ভাষণে এ ব্যাপারে অগ্রগতির কোনও আভাসও দেননি।
শান্তি আলোচনায় ফেরার জন্য প্রধান ইস্যু অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের বিষয়টি ভাষণে উল্লেখ করেননি নেতানিয়াহু। আলোচনায় ফেরার আগে ২০০৩ সালের শান্তিচুক্তি রোডম্যাপ অনুযায়ী বসতিস্থাপন বন্ধের দাবি জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একইসঙ্গে নেতানিয়াহুর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দাবি অন্তর্বর্তী চুক্তিতে উল্লেখ নেই বলে প্রত্যাখ্যান করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১২ ঘ.
bdnews24