রাওয়ালপিণ্ডি, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরে জঙ্গি হামলা পরবর্তী অভিযানে রোববার ৩৯ জিম্মিকে উদ্ধার করেছে কমান্ডোরা। ভোররাতের এ উদ্ধার অভিযানে তিন জিম্মিসহ দুই কমোন্ডো ও চার বন্দুকধারী নিহত হয়েছে। আহত একজন বন্দুকধারী ধরা পড়েছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস একথা জানিয়েছেন।
সেনা পোশাক পরা সন্দেহভাজন তালেবান জঙ্গিরা শনিবার রাওয়ালাপিণ্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা চালিয়ে লোকজনকে জিম্মি করে। আব্বাস জানিয়েছেন, "এখন সেখানে আর কোনও সন্ত্রাসী নেই। অভিযান শেষ হয়েছে।"
বন্দুকধারীরা শনিবার একটি সাদা গাড়িতে করে সদরদপ্তরের প্রধান গেইটে আসে। পরিচয় জিজ্ঞাসার মুখে তারা গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি চালানো শুরু করে। বন্দুকধারীরা প্রায় ৪০ মিনিট ধরে সেনাদের সঙ্গে গুলি বিনিময় করে। এতে ৪ বন্দুকধারী নিহত হয় এবং দুজন পালিয়ে যায়।
পরবর্তীতে কমোন্ডোরা শনিবার সকাল ৬ টায় উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে তিন জিম্মি নিহত হয় এবং পরে জীবিত জিম্মিদের খুঁজে পায় কমান্ডোরা।
আব্বাস বলেন, আত্মঘাতী জ্যাকেট পরা এক সন্ত্রাসী জিম্মিদেরকে একটি কক্ষে আটকে রেখেছিল। আত্মঘাতী হামলাকারী কিছু করার আগেই কমান্ডোরা দ্রুত তাকে গুলি করে।
জঙ্গিদের গুলিতে তিন জিম্মির মৃত্যু হয়েছে বলে আব্বাসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স।
আব্বাস এর আগে জিও টেলিভিশনকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। "
এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "সেনা পোশাক পরে তারা সদরদপ্তরের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়; থামতে বলা হলে তারা একটি গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়।
সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানী তালেবানদের শক্ত ঘাঁটিতে জোরদার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার মুহূর্তে এ হামলার ঘটনা ঘটল।
আগের দিন পেশাওয়ারে সন্দেহভাজন জঙ্গিদের গাড়িবোমা হামলায় ৪৯ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৯ ঘ.
bdnews24