রোম, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির শীর্ষ আদালত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির বিচার থেকে রক্ষা পাওয়ার অধিকার তুলে নেওয়ার পর বৃহস্পতিবার তিনি বলেছেন, 'আরও দৃঢ়তার সঙ্গে' শাসনকাজ চালিয়ে যাবেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাস্যকর প্রমাণ করবেন।
তবে রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে বুধবার দেওয়া রায়ের ফলে সৃষ্ট উত্তেজনা অস্থিতিশীলতার জন্ম দিতে পারে এবং তা দেশের রাজনীতি, অর্থনীতি এবং পার্লামেন্টের কার্যক্রমের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
বারলুসকোনি সকালে বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "সরকার আগের চেয়ে অনেক বেশি মসৃণ এবং দৃঢ়তার সঙ্গে অগ্রসর হবে। কারণ দেশের মুক্তি ও গণতন্ত্রের জন্য এটা খুব দরকার।"
৭৩ বছর বয়সী বারলুসকোনি জন্য একটি বড় ধাক্কা আদালতের ওই রায়। আদালত বলেছে, ক্ষমতায় থাকাকালে বিচার থেকে তার রেহাই পাওয়ার আইনটি সংবিধানের লঙ্ঘন। এই রায়ের ফলে তার বিরুদ্ধে দুটি অভিযোগের বিচার করার সুযোগ সৃষ্টি হয়েছে।
বারলুসকোনি বিচার থেকে রক্ষা পাওয়ার অধিকার হারানোর জন্য ইতালির প্রেসিডেন্ট, গণমাধ্যমের বৃহৎ অংশ এবং ম্যাজিস্ট্রেট ও সাংবিধানিক আদালতকে দায়ী করে বলেছেন, এরা তার বিরুদ্ধে বামপন্থিদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, "আমার বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে তা মিথ্যা, হাস্যকর ও অবাস্তব। আমি টেলিভিশনে হাজির হয়ে ইতালীয়দের সামনে এ বিষয়টি তুলে ধরব এবং আদালতে নিজেকে নির্দোষ প্রতিপন্ন করব এবং অভিযোগকারীদের হাস্যকর প্রমাণ করব। আমার বিরোধীরা কেমন আর আমি কেমন তা সবাইকে দেখাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭৩৪ ঘ.
bdnews24