আসাদাবাদ, আফগানিস্তান, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে তালেবান যোদ্ধাদের ওপর আক্রমণ শুরু করছে বিদেশি ও আফগান সেনারা। এখানে শনিবার তালেবানদের হামলায় ৮ মার্কিন ও দুই আফগান সেনা নিহত হয়। একজন আফগান কর্মকর্তা এতথ্য জানিয়েছেন।
পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশটির গভর্নর জামালুদ্দিন বদর বলেছেন, বিদেশি ও আফগান সেনারা সোমবার প্রদেশের কামদেশ জেলায় একদল তালেবানকে অবরুদ্ধ করে ফেলেছে। তিনি বিস্তারিত আর জানাননি।
রয়টার্সকে ফোনে তিনি বলেন, "আজ সকালে অভিযান শুরু হয়েছে।"
মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর একজন প্রেস অফিসারও শুধু বলেছেন, সেখানে সক্রিয় একটি অভিযান চলছে।
প্রাদেশিক কর্মকর্তারা রোববার জানান, শনিবার ওই এলাকায় দিনভর লড়াইয়ের পর সেখানে অবস্থানরত পুলিশ বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গভর্নর বদর বলেছেন, জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ ১৩জন পুলিশের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকিরা সম্ভবত তাদের চৌকি ত্যাগ করে বাড়ি চলে গেছে।
তালেবানরা বলেছে, তারা প্রধানসহ ৩৫ জন পুলিশকে আটক করেছে।
কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বলেছেন, "বেশকিছু পুলিশের" সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ সংখ্যা কত তা জানাননি তিনি।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী জানায়, শনিবার স্থানীয় একটি মসজিদ ও পাশের একটি গ্রাম থেকে তালেবানরা ন্যাটো ও আফগানবাহিনীর দুটি চৌকির ওপর রকেটচালিত গ্রেনেড, মেশিনগান ও রাইফেল নিয়ে হামলা চালায়। আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর নতুন কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের জনবহুল এলাকায় সেনা জড়ো করার পরিকল্পনা অনুযায়ী প্রত্যন্ত ওই এলাকার চৌকি দুটি গুটিয়ে ফেলার পরিকল্পনার মধ্যে ওই হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৮ ঘ.
bdnews24