পাদাং, ইন্দোনেশিয়া, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পের চারদিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ। চিরুনি অভিযান চালিয়ে জীবিতদের সন্ধানে নিয়োজিত উদ্ধারকারীরা এ হতাশা প্রকাশ করেছে। পাদাংয়ে মাটি খুঁড়ে নিহতদের গণকবর দেওয়ার প্রস্তুতি চলছে। ভূমিকম্পে অন্ততপক্ষে ৩ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
পাদাংয়ের তুঙ্গল হিতাম সরকারি সমাধিস্থলে গর্ত খুঁড়ে ১১ টি মৃতদেহের গণকবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমবাকাং হোটেলের ধ্বংসস্তুপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো শনাক্ত করা যায়নি।
উদ্ধারকারীরা ভূমিকম্প বিধ্বস্ত সুমাত্রার গভীরে উদ্ধারকাজ চালাচ্ছে।
সেখানে ভূমিধসে চাপা পড়েছে গোটা গ্রাম। বেঁচে যাওয়া গৃহহীন মানুষেরা মরিয়া হয়ে আছে খাবার, পানি ও আশ্রয়ের জন্য।
কাপালো গ্রামের অধিবাসী জুলফাহমির উক্তি, "পরিবারের সদস্যের মধ্যে কেবল আমি একাই বেঁচে আছি। আমার সন্তান, স্ত্রী, শ্বাশুড়ি সব গেছে। তারা এখন মাটির নিচে।"
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সিটি ফাদিল্লাহ সুপারি রয়টার্সকে টেলিফোনে বলেছেন, সরকারের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ৩ হাজারে দাঁড়াতে পারে। তিনি বলেন, আমরা ধ্বংসস্তুপ থেকে লোকজনকে জীবিত কিংবা মৃত উদ্ধারের চেষ্টা করছি। অমরা জীবিতদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমরা এখন ভূমিকম্পে নিহতের সংখ্যা কমানোর ওপর গুরুত্ব দিচ্ছি।
ব্রিটিশ উদ্ধারকর্মী পিটার ওল্ড বলেন, "উদ্ধারকাজ শেষের ঘোষণা দেওয়ার আগে আমরা আরেকবার শেষবারের মতো তালাশ করে দেখতে চাই। আমরা উদ্ধারকাজের শেষ পর্যায়ে রয়েছি বলেই মনে করছি।" তিনি বলেন, "জীবিতদের উদ্ধারের আশা খুবই ক্ষীণ"।
বিপুল ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার তৎপরতা ধীরে এগুচ্ছে।
পাদাংয়ের বাইরে প্রত্যন্ত এলাকায় ধ্বংসের পুরোচিত্র স্পষ্ট হতে শুরু করেছে। টিভি চিত্রে দেখানো হয়েছে, ভূমিধসে তলিয়ে গেছে অন্ততপক্ষে ৫ টি গ্রাম; পানির সব উৎস দুষিত হয়ে পড়ায় বেঁচে থাকারা শুধু ডাবের পানি খেয়ে প্রাণ রক্ষা করছে।
জাপান ও সুইজারল্যান্ডের অনুসন্ধানী কুকুর নিয়ে খোঁজা হচ্ছে কেউ আটকা পড়ে আছে কিনা।
স্বস্থ্যমন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের প্রধান রুস্তম পাকায়া বলেছেন, "পারিয়ামান গ্রামে প্রায় ৬০০ জন নিহত হয়েছে। একটি গ্রামে ২০ মিটার উঁচু মিানরও মাটিতে মিশে গেছে। কোনও কিছুই বাকী নেই। আর তাই পুরো গ্রামটাই মাটির ৩০ মিটার গভীরে তলিয়ে গেছে বলে আমি ধারণা করছি।"
সুমাত্রার পাদাংয়ে বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর বৃহস্পতিবার সকালে ফের ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
টিভি ফুটেজে বিস্তীর্ণ এলাকাজুড়ে বাড়িঘরের ধ্বংসস্তুপ দেখা গেছে। ধসে পড়েছে পাদাং বিমানবন্দরের ছাদ। অন্যান্য গণমাধ্যমগুলো কয়েকটি হোটেল ধসে পড়ার কথা জানিয়েছে।
বহু বাড়িঘর ও সেতু ধসে পড়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং, হাসপাতাল, মার্কেট। বেশির ভাগ ক্ষয়ক্ষতিই হয়েছে শহরের কেন্দ্রস্থলে।
গোটা অঞ্চলসহ প্রতিবেশী সিঙ্গাপুরের ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে মালয়েশিয়াতেও।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে সুনামির পর ইন্দোনেশিয়ায় এ ভূমিকম্প হয়।
ইন্দোনেশিয়ার মেট্রো টিভিতে ভূমিকম্পদূর্গত এলাকার আদি নামক এক অধিবাসী তার চারপাশে কেবলই ধ্বংসস্তুপের কথা জানিয়েছে। তিনি বলেন, "কেবলই বাড়িঘরের স্তুপ দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১০ঘ.
bdnews24