ওয়াশিংটন, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইন্দোনেশিয়ার সুমাত্রায় বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর বৃহস্পতিবার সকালে ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সুমাত্রায় এটি ২য় বৃহত্তম ভূমিকম্প। পরপর দু'টি ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বেঙ্কুলুর ৯৬ মাইল উত্তরপশ্চিমে স্থানীয় সময় সকাল ৯ টা ৩১ মিনিটে নতুন করে ভূমিকম্প আঘাত হানে। এর আগে বুধবার পাদাং শহরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত হয় অন্ততপক্ষে ২০০ জন। বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ।
বহু বাড়িঘরসহ হোটেল, স্কুল, দোকানপাট ধসে পড়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা।
টিভি ফুটেজে বিস্তীর্ণ এলাকাজুড়ে বাড়িঘরের ধ্বংসস্তুপ দেখা গেছে। ধসে পড়েছে পাদাং বিমানবন্দরের ছাদ। অন্যান্য গণমাধ্যমগুলো কয়েকটি হোটেল ধসে পড়ার কথা জানিয়েছে।
বহু বাড়িঘর ও সেতু ধসে পড়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং, হাসপাতাল, মার্কেট। বেশির ভাগ ক্ষয়ক্ষতিই হয়েছে শহরের কেন্দ্রস্থলে।
স্বাস্থ্যমন্ত্রী সিটি ফাদিল্লাহ সুপারি সাংবাদিকদের বলেন, "মৃতের সংখ্যা কয়েক শত কিংবা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গেলে হাজার হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারে বলেই মনে করছি আমি। তবে এখনও আমরা প্রকৃত অবস্থাটি জানি না।"
জাতীয় বিপর্যয় মোকবেলা সংস্থা এর আগে নিহতের সংখ্যা ১০০ থেকে ২০০ উল্লেখ করেছে। পাদাং এ ৫০০ বাড়িঘর বিধ্বস্ত হওয়ার কথাও জানিয়েছে তারা।
এ ভূমিকম্প ভারত মহাসাগরে ধ্বংসাত্মক সুনামি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে জাপানের আবহাওয়া সংস্থা।
গোটা অঞ্চলসহ প্রতিবেশী সিঙ্গাপুরের ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে মালয়েশিয়াতেও। ভূমকম্পের পরপরই আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হয়। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এবং জাপানের আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে সুনামির পর ইন্দোনেশিয়ায় এ ভূমিকম্প হল। এতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও কোনও কোনও স্থানে আগুন ধরে গেছে। সেতু ভেঙে পড়েছে। ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির পাইপ ফেটে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে পাদাং শহর থেকে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
ইন্দোনেশিয়ার মেট্রো টিভিতে ভূমিকম্পদূর্গত এলাকার আদি নামক এক অধিবাসী তার চারপাশে কেবলই ধ্বংসস্তুপের কথা জানিয়েছে। তিনি বলেন, "এখন পর্যন্ত কোনও মৃতদেহ দেখিনি। কেবলই বাড়িঘরের স্তুপ দেখছি। কতকগুলো বাড়ি অর্ধধ্বংস হয়েছে। অন্যগুলো পুরোটাই ধসে পড়েছে। লোকজন ভয়ে ভয়ে আছে। তারা সুনামির আশঙ্কা করছে। কোনও সাহায্য এখনও পৌঁছেনি।"
পাদাং ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী। এর অধিবাসীর সংখ্যা ৯ লাখ। অবস্থানের কারণে এ শহরটি একদিন ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে-- ভূতাত্বিকরা অনেকদিন থেকেই এমন কথা বলে আসছেন।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, সুমাত্রায় বুধবারের এ ভূমিকম্প ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে ধ্বংসাত্মক সুনামি ডেকে আনতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৯ ঘ.
bdnews24