২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় শেষ হচ্ছে গৃহযুদ্ধ, কমছে ভারতের প্রভাব

শ্রীলংকায় তামিল বিদ্রোহীদের সঙ্গে সরকারের কয়েক দশকের রক্তক্ষয়ী লড়াই শেষ হতে চলেছে। এই লড়াই চালাতে গিয়ে দেশটির সঙ্গে পাকিস্তান ও চীনের সম্পর্ক উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে; অন্যদিকে প্রতিবেশী এই দ্বীপ রাষ্ট্রটির ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে লড়তে হচ্ছে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

নয়া দিল্লি, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় তামিল বিদ্রোহীদের সঙ্গে সরকারের কয়েক দশকের রক্তক্ষয়ী লড়াই শেষ হতে চলেছে। এই লড়াই চালাতে গিয়ে দেশটির সঙ্গে পাকিস্তান ও চীনের সম্পর্ক উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে; অন্যদিকে প্রতিবেশী এই দ্বীপ রাষ্ট্রটির ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে লড়তে হচ্ছে ভারতকে। শ্রীলংকায় তামিলদের ভাগ্যের বিষয়টি অভ্যন্তরীণ রাজনীতির জন্য স্পর্শকাতর হওয়ায় ভারত সরকার দেশটিকে সহযোগিতার ক্ষেত্রে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, অন্যদিকে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে শ্রীলংকা সরকারকে সামরিক সাহায্য দিয়ে দেশটির ওপর নিজেদের প্রভাব জোরদারের চেষ্টা করছে ভারতের দুই বৈরি রাষ্ট্র পাকিস্তান ও চীন। এশিয়ার অন্যতম দীর্ঘ সময় চলা যুদ্ধে জিততে শ্রীলংকা যখন লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এর যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শেষ পর্যায়ে টেনে এনেছে তখনই দেশটির সেনাবাহিনীর কাছে জিয়ান-৭ যুদ্ধবিমান, বিমান বিধ্বংসী কামান এবং জেওয়াই-১১ ত্রিমাত্রিক পর্যবেক্ষক রাডার বিক্রি করেছে চীন। অন্যদিকে শ্রীলংকার সেনাবাহিনীকে ছোটখাট অস্ত্র ও মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সরবরাহ করে এবং নির্ভুলভাবে শত্র" লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিমানসেনাদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেন, "পাকিস্তান থেকে শ্রীলংকায় কয়েক জাহাজ অস্ত্র পৌঁছেছে। এর ফলে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জেতা সেনাবাহিনীর পক্ষে অনেক সহজ হচেছ। তাছাড়া পাকিস্তানের প্রশিক্ষণ দেওয়া বিমানবাহিনীর সদস্যরাও নির্ভুলভাবে শত্র"দের ওপর বোমা বর্ষণে সক্ষম হচ্ছে।" অন্যদিকে ভারত এখন শ্রীলংকার সেনাবাহিনীকে যে সামরিক সহায়তা দিচ্ছে তা খুবই সামান্য। মূলত তা প্রতিরক্ষামূলক। শ্রীলংকায় তামিলদের বিরুদ্ধে সরকারকে সহায়তা দেওয়ার বিষয়ে ভারতের সমস্যা আছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রায় ছয়কোটি তামিল জাতিগতভাবে শ্রীলংকার তামিলদের সঙ্গে সম্পর্কিত। শ্রীলংকায় তামিলদের রক্ষা করতে তারা সরকারকে চাপ দিচ্ছে এবং আগামী জুন মাসের সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস সরকারের জন্য বিষয়টি খুবই স্পর্শকাতর হয়ে উঠেছে। কলম্বোভিত্তিক 'সেন্টার ফর পলিসি অল্টারনেটিভ' এর পাকিয়াসোথি সারাভানামুত্তু বলেন, "শ্রীলংকার ওপর ভারতের প্রভাব কমে আসছে এবং সেটা অনেকটা ভারতের কারণেই।" শ্রীলংকার এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, টাইগারদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াইয়ে চীন এবং পাকিস্তানের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলংকার পররাষ্ট্র দপ্তরের সাবেক উপ-প্রধান কে গোদেজ বলেন, "চীন এবং পাকিস্তানের সহায়তা ছাড়া আমরা হয়তো বিদ্রোহীদের নির্মূল করতে সক্ষম হতাম না।" ১৯৮০'এর দশকের গোড়ার দিকে তামিল গেরিলাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে ভারত। এরপর দেশটিতে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে ভারত ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত উল্টো তামিল গেরিলাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে শ্রীলংকার সরকারের বিরুদ্ধে তামিল গেরিলাদের বিদ্রোহ দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে ছায়া ফেলে ভারতের ভূমিকা এবং এতে বৃহৎ প্রতিবেশী দেশটির বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে শ্রীলংকা। চীন ও পাকিস্তানের কাছ থেকে সাহায্য না নিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমকে নারয়াণন গত বছর শ্রীলংকাকে অনুরোধ করেছিলেন। শ্রীলংকার প্রতিরক্ষা চাহিদা ভারত পূরণ করে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৫৩ ঘ.