ওয়াশিংটন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য ৮২৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনা অনুমোদনের মধ্য দিয়ে আইনসভায় প্রথম বিজয় পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২৪৪-১৮৮ ভোটে 'হাউস অফ রিপ্রেজেনটেটিভস' বা প্রতিনিধি পরিষদ ওই বিলটি বুধবার অনুমোদন করে। (আরও তথ্যসহ)
ওবামা ক্ষমতায় আসার আগে থেকেই দ্বি-দলীয় সমঝোতার কথা বলে আসলেও অন্তত এখনও সেরকম কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি তিনি। মাত্র আটদিন আগে ক্ষমতাগ্রহণকারী বারাক ওবামার এই বিলের বিপক্ষেই ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের সব রিপাবলিকান সদস্য।
অন্যদিকে, ১১ জন ছাড়া বাকী সব ডেমোক্র্যাট সদস্যই ভোট দেন ওবামার এ অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনার পক্ষে।
তিরিশের মহামন্দার পর সবচেয়ে বেশি সঙ্কটের মধ্যে থাকা মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে উত্থাপিত বিলটির পক্ষে ওবামা বলেন, "আশা করি বিলটি আমার ডেস্কে পৌঁছানোর আগে আমরা এ পরিকল্পনা আরও জোরদার করতে পারব"।
তিনি আরও বলেন, "কিন্তু আমরা যা পারছি না তা হল - আমাদের অবস্থান পরিবর্তন করা এবং আগের মতো দলীয় মতপার্থক্য দূর করা।"
ওবামা বলেন, "আমেরিকানদের কাজে ফিরিয়ে আনতে দ্রুত এবং সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়া উচিৎ আমাদের। আর সে লক্ষ্যে কাজ শুরু করতেই এ বিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৫ ঘ.
bdnews24