দাভোস, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বুধবার জানিয়েছেন, মুম্বাই হামলা তদন্তের বিস্তারিত তথ্য পাকিস্তান শিগগিরই প্রকাশ করবে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের চার দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে আছেন গিলানি। সেখানে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলানি বলেন, "তদন্ত যে তথ্যই যাই পাওয়া যাক, আমরা শিগগির তা বিশ্বের কাছে উপস্থাপন করব।" তবে তিনি এ বিষয়ে ভারতের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করেন।
গত নভেম্বরের ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ভারত ওই হামলার জন্য রাষ্ট্রীয় মদদপ্রাপ্ত পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠিকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।
গিলানি বলেন, মুম্বাই হামলার আগে পাক-ভারত সম্পর্কে উন্নতি শুরু হয়েছিল। তবে শিগগির আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং সম্পর্কে অগ্রগতি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "ওই দুর্ঘটনা আমাদের হতাশ করেছে। তারপরও আমাদের সামনে অগ্রসর হতে হবে। সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অবশ্যই সমাধানে পৌঁছাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০০ ঘ.
bdnews24