মস্কো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব ইউরোপে পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিশোধ নিতে রাশিয়া যে পাল্টা ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল তা স্থগিত করেছে মস্কো। সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বুধবার এ খবর জানিয়েছে।
রাশিয়া তাদের পশ্চিমাঞ্চল কালিনিনগ্রাদে কৌশলগত অবস্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যদি স্থগিত করে থাকে তাহলে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল রাশিয়া। বিশেষ করে বারাক ওবামার পূর্বসুরী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে এ নিয়ে রাশিয়া যে কঠোর অবস্থানে ছিল তা থেকে তারা সরে এল।
এই খবর সম্পর্কে ন্যাটোয় যুক্তরাষ্ট্রের দূত কুর্ট ভলকারের বরাত দিয়ে এক মুখপাত্র বলেন, "খবর যদি সত্যি হয়, তাহলে অবশ্যই এটা হবে একটি ইতিবাচক পদক্ষেপ।"
হোয়াইট হাউস গত মঙ্গলবার জানিয়েছে, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভের সঙ্গে ফোনে কথা বলেছেন ওবামা। দুই দেশের সম্পর্কে যে সমস্ত ফাটল আছে তা বন্ধ করার বিষয়ে দুই প্রেসিডেন্ট এ সময় সম্মত হয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবারের মতো মেদভাদেভের সঙ্গে কথা বললেন ওবামা।
মেদভাদেভ গত নভেম্বরে বলেছিলেন, ইউরোপে যুক্তারাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিবাদে তিনি ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্ত ঘেঁষা কিলিনিনগ্রাদে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছেন।
অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স লিখেছে, "ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশানের ব্যস্ততা নেই এমন তথ্যের উপর ভিত্তি করেই রাশিয়া তাদের পরিকল্পনা স্থগিত করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ ঘ.
bdnews24