২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আরও মার্কিন সহযোগিতা চান জারদারি

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও বেসামরিক সহযোগিতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও বেসামরিক সহযোগিতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বুধবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে জারদারি জানান, পাকিস্তানকে সামাজিক সংস্কার খাতে বছরে দেড় বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিতে গত বছর যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল তা পাশ করার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার উচিৎ কংগ্রেসকে চাপ দেওয়া। আফগান সীমান্তে তালেবান এবং আল কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গত কয়েক বছর ধরে পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জারদারি লিখেছেন, "উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান উপায় হতে পারে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য, শিক্ষা ও গৃহায়ন খাত উন্নত করতে আমাদের সহযোগিতা করা।" তিনি জানান, তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে গত কয়েক মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার পরও এই লড়াইয়ে জিততে হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি প্রয়োজন এবং পাকিস্তানের সশস্ত্র বিভাগকে আরও উন্নত করতে হবে। জারদারি বলেন, "আমাদের সহযোগিতা করুন, আমরা আমাদের দায়িত্ব পালন করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.