২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগাররা কি শেষ হয়ে যাচ্ছে?

শ্রীলংকার সেনাবাহিনীর প্রবল আক্রমণের মুখে এ মাসের মধ্যেই বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগাররা একে একে তিনটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরপূর্বের সাগর কোলের এক চিলতে জঙ্গলে কোনঠাসা হয়ে পড়েছে। তাদের দখলে থাকা শেষ শহর মুল্লাইত্তিভু রোববার নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। এলটিটিই যে সত্যিই কোনঠাসা হয়ে পড়েছে সে ব্যাপারে কারোরই দ্বিমত নেই। এরপর কী ঘটতে পারে তার কিছু চিত্র তুলে ধরেছে রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

কলোম্বো, জানুয়ারি ২৬ (বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকার সেনাবাহিনীর প্রবল আক্রমণের মুখে এ মাসের মধ্যেই বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগাররা একে একে তিনটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরপূর্বের সাগর কোলের এক চিলতে জঙ্গলে কোনঠাসা হয়ে পড়েছে। তাদের দখলে থাকা শেষ শহর মুল্লাইত্তিভু রোববার নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। এলটিটিই যে সত্যিই কোনঠাসা হয়ে পড়েছে সে ব্যাপারে কারোরই দ্বিমত নেই। এরপর কী ঘটতে পারে তার কিছু চিত্র তুলে ধরেছে রয়টার্স। সাগরপথে অবরোধ করতে ছুটবেন ফনসেকা স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি, এরপর জাফনা উপদ্বীপ, সর্বশেষ মুল্লাইত্তিভু থেকে টাইগারদের হটিয়ে দেওয়ার নায়ক, লেফটেন্যান্ট জেনারেল শারথ ফনসেকার পরবর্তী রণকৌশল হবে সাগরপথে টাইগারদের অবরোধ। ২০০৬ সালের আগস্টে টাইগারদের সশস্ত্র সংগ্রাম পুনরায় শুরু হওয়ার সময় তাদের নিয়ন্ত্রণে ছিল ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা। এখন তাদের নিয়ন্ত্রণে অবশিষ্ট আছে তিনশ কিলোমিটার জঙ্গল এবং ছোট হয়ে আসা উত্তরপূর্ব উপকূল। ফনসেকা টাইগারদের সাগরের দিকে তাড়িয়ে নিয়ে উপকূলভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ঘিরে ফেলতে চাচ্ছেন। তবে ভয়ঙ্কর যোদ্ধা টাইগারদের আত্মসমর্পণের সম্ভাবনা কম। গলায় তারা সায়ানাইড বিষ ঝুলিয়ে রাখে যাতে ধরা পড়ার মুহূর্তে তা গলাধঃকরণ করে 'রক্ষা' পেতে পারে। টাইগাররা কি এখন দন্তহীন? বিশ্লেষকদের অনেকেরই মতে, বিদ্রোহিদের সংখ্যা দুই হাজারে নেমে এসেছে এবং প্রচলিত বাহিনী হিসেবে তাদের ভবিষ্যৎ নেই বললেই চলে। অপরদিকে সেনাবাহিনী এখন বেশি প্রশিক্ষিত ও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পূর্ণ সমর্থন তারা পাচ্ছেন, তার ভাই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আর ফনসেকাতো আছেই তাদের 'ভাণ্ডারে'। তবে এলটিটিই'র আত্মঘাতী বোমা হামলা চালানোর ক্ষমতা শেষ হয়ে যায়নি। কিলিনোচ্চির পতনের পরপরই এরকম একটি আত্মঘাতী বোমা হামলা তারাই চালিয়েছিল বলে মনে করা হয়। ফনসেকা বলেছেন, যুদ্ধ শেষ হয়ে এলে টাইগারদের নিবেদিত কট্টর অংশ "আঘাত কর, পালিয়ে যাও" কৌশল নিয়ে গা-ঢাকা দেবে বলে তিনি মনে করছেন। তবে সেনাবাহিনী তাদের প্রতিরোধ করতে প্রস্তুত বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুদ্ধাঞ্চলে বেসামরিক মানুষের কী হবে? সাহায্য সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ছোট হয়ে আসা যুদ্ধাঞ্চলে প্রায় ২ লাখ ৩০ হাজার তামিল শরণার্থী রয়েছে। মুল্লাইত্তিভুতে অবস্থান করা এক সরকারি কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কমপক্ষে ১০০ বেসামরিক লোক নিহত হয়েছে। শ্রীলংকার সরকারের পাশাপাশি মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, টাইগাররা লোকজনকে জোর করে যোদ্ধা হতে বা যোদ্ধাদের সহায়তার জন্য শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করছে এবং তাদের যুদ্ধএলাকায় আটকে রাখছে। টাইগাররা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনী গত সপ্তাহে একটি নিরাপদ এলাকার ঘোষণা দিয়ে বেসামরিক লোকজনকে সেখানে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু টাইগাররা লোকজনের যাওয়া ঠেকাতে ওই এলাকায় ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবস্থান নেয় বলে দাবি করেছে সরকারি সেনারা। ভারত কি হস্তক্ষেপ করবে? না। ভারতের তামিল রাজনীতিকদের আহ্বান সত্ত্বেও প্রধানমন্ত্রী মনমোহন সিং এটা স্পষ্ট করেছেন, তার দেশের তালিকায় সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত গোষ্ঠীটির বিরুদ্ধে রাজাপাকশের লড়াই থামানোর কোন পরিকল্পনা নয়াদিল্লির নেই। তামিল জনগোষ্ঠীর ক্ষোভের বিষয়টি রাজনৈতিকভাবে দেখা দরকার বলে তিনি রাজাপাকসের সঙ্গে একমত পোষণ করেন। পশ্চিমের বেশিরভাগ দেশও তামিল ও সরকারের প্রতি একই রাজনৈতিক পন্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। রাজাপাকসে এই আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, তামিলদের আস্থা পেতে তাকে আরও বেশি কিছু করতে হবে। সামরিক সাফল্যের পর কি আগাম নির্বাচন? রাজাপাকশে এখন যুদ্ধ জয়ের তেজি ঘোড়ার সওয়ারি। তাই আগাম নির্বাচনের সম্ভাবনাও জোরালো। আগামী মাসে দুটি প্রদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এ বছর দেশটির নির্বাচনী বাজেট আগের সময় থেকে বহুগুণ বেড়ে গেছে। বিরোধী ইউনাইটেড ন্যাশনাল পার্টি এ বিষয়টিসহ দেশের আর্থিক অবস্থা নিয়ে জোর নির্বাচনী প্রচারণায় নামতে পারে। মিত্ররা বলছেন, নির্বাচনের সময় নির্ধারণে রাজাপাকসে আরও অনেক বিষয় বিবেচনায় নেবেন। অর্থনীতির কী হবে? কিলিনোচ্চির পতনের পর স্বাভাবিক প্রত্যাশা অনুুযায়ী, কলোম্বোর পুঁজি বাজার ও রুপি চাঙ্গা হয়ে উঠেছিল। কিন্তু দু' ক্ষেত্রই দ্রুত আবার অর্থনীতির মৌলিক সূত্রের পথে ফিরে আসে। সিকি শতাব্দী ধরে যুদ্ধের ধকল পোহাচ্ছে শ্রীলংকার অর্থনীতি। বৈদেশিক মুদ্রার মজুদ কমে এসেছে, বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারকে উচ্চসুদে বিদেশ থেকে স্বল্পমেয়াদী ঋণ নিতে হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক মন্থরতার ধাক্কা লেগেছে চা ও তৈরি পোশাকের মতো প্রধান দুটি রপ্তানি খাতে। এ বছরের যুদ্ধের খরচ ২ শ' কোটি মার্কিন ডলার ছুঁতে পারে। রাজাপাকসের জন্য এসব কী ঝুঁকি হয়ে উঠবে? মনে হয় না। তার ক্ষমতার মূল শক্তি পল্লী অঞ্চলের জনগণ আর তিনি জনপ্রিয় বাজেট তৈরি করে এবং নানা উন্নয়ন প্রকল্প নিয়ে গ্রামের মানুষকে অর্থনৈতিক মন্দাদশার আঘাত থেকে রক্ষা করে চলেছেন। যুদ্ধ শেষ হলে পুনর্গঠনের লক্ষ্যে বিদেশি সাহায্যের স্রোত নামারও অপেক্ষায় রয়েছেন তিনি। বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৪৫ ঘ.