২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ব্যবসার অবস্থা ২৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ

বছর ধরে চলা মন্দার আরও অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের পণ্য ও সেবার চাহিদা পড়ে গেছে। এতে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ওয়াশিংটন, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বছর ধরে চলা মন্দার আরও অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের পণ্য ও সেবার চাহিদা পড়ে গেছে। এতে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিনমাসে যুক্তরাষ্ট্রে ব্যবসার বেহাল দশার এই চিত্র ফুটে উঠেছে 'দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস ইকোনোমিক' (এনএবিই) পরিচালিত জরিপে। উত্তর দাতাদের সিংহভাগই বলেছেন, ২০০৯ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্রুতগতিতে সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। মার্কিন অর্থনীতির এই চলমান মন্দার প্রথম আভাস পাওয়া যায় ২০০৭ সালের ডিসেম্বরে। অভ্যন্তরীণ আবাসন খাত ধসে পড়ে সূচিত হওয়া সংকট দিন দিন আরও গভীর হয়েছে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ অবস্থায় অর্থনীতি গড়িয়ে যাবে বলে শঙ্কা সৃষ্টি হয়েছে। এনএবিই ১৯৮২ সালে জরিপ শুরুর পর এবারের ফলাফলটিই বাণিজ্যের সবচেয়ে দুর্বল চিত্রের প্রকাশ। এর মুখপাত্র সারা জনসন বলেছেন, "গত বছরের চতুর্থভাগে যুক্তরাষ্ট্রের মন্দার আরও অবনতি হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।" ১৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে ১০৫ জন এনএবিই সদস্যের ওপর এই জরিপ চালানো হয়। ৪৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাদের পণ্য ও সেবার চাহিদা এতটা নিচে নেমে যাওয়ার ঘটনা আর ঘটেনি। অন্যদিকে, ২০ শতাংশ উত্তরদাতা চাহিদা বাড়ার কথা বলেছেন। এই ইতিবাচক কথা বলার হার জরিপ শুরুর ২৬ বছরের মধ্যে সবচেয়ে কম। চাহিদা কমে যাওয়ার হা-হুতাশ বেশি উচ্চারিত হয়েছে পণ্য উৎপদান খাতে। এখানকার ৭৯ শতাংশ প্রতিষ্ঠানই চাহিদা কমার কথা বলেছে। সারা জনসন বলেন, "আমাদের জরিপের ইতিহাসে চাহিদা কমার এরকম চিত্র আর পাইনি।" আর চাহিদা পড়তির কারণে ২০০৯ সাল নিয়েও নৈরাশ্যে ডুবে আছেন ব্যবসায়ীরা। ৭৮ শতাংশের মতে, গত বছরের তুলনায় এ বছর জিডিপি আরও সংকুচিত হয়ে পড়বে। জরিপ প্রতিষ্ঠানটি বলছে, ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত লোকজন চাকরি হারাতে থাকবে। বেশির ভাগ ছাঁটাই হবে পণ্য-উৎপাদন, আর্থিক প্রতিষ্ঠান, পরিবহন ও যোগাযোগ খাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/এমএইচবি/এলকিউ/১৭২৩ ঘ.ম