প্যারিস, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- স্পেন ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে শনিবার প্রচণ্ড ঝড়ে স্পেনে চারশিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে।
গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭২ কিলোমিটারেরও বেশি। এতে বার্সেলোনার কাছাকাছি একটি শহরে একটি ক্রীড়া কমপ্লেক্সের ছাদ আংশিকভাবে ভেঙে পড়লে চার শিশু নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
বেসবল খেলার জন্য প্রায় ২০-৩০টি শিশু ওই কমপ্লেক্সে জড়ো হয়েছিল।
বার্সেলোনার অন্য একটি শহরে দেয়াল চাপা পড়ে মারা গেছেন এক মহিলা। এছাড়া দায়িত্ব পালনের সময় ঝড়ে উপড়ে যাওয়া গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ট্রাফিক পুলিশের।
গাছ ও দেয়াল চাপা পড়ে আরও দু'জন মারা গেছে।
ঝড়ের ফলে ফ্রান্সে কমপক্ষে দশ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে রাস্তাঘাট, রেলওয়ে ও বিমানবন্দর।
দুই দেশেই উপদ্রুত এলাকার মানুষজনকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২৩৮ ঘ.
bdnews24