নয়াদিল্লি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হৃদপিণ্ডে শনিবার বাইপাস সার্জারি করা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
৭৬ বছর বয়স্ক মনমোহন সাত ঘণ্টার দীর্ঘ এই সার্জারির পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে মনে হয় না। এই অবস্থায় আগামী মে মাসের সাধারণ নির্বাচনের আগের এই গুরুত্বপূর্ণ সময়ে কে তার দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুস্থ হয়ে দায়িত্বে ফেরার আগ পর্যন্ত প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অর্থ মন্ত্রণায়ের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর কাঁধেই থাকবে।
প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে স্থানীয় সময় সন্ধা ছয়টায় ডাক্তারদের ব্রিফ করার কথা আছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে প্রধানন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "মনমোহন তার দায়িত্বে পুনরায় যোগ দেওয়ার আগ পর্যন্ত প্রণব মুখার্জিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।"
তিনি আরও বলেন, "মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে সিনিয়র হওয়ায় এই দায়িত্ব তারই পালন করার কথা। কাজেই এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।"
তবে এক সরকারি কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, "মনমোহন সিং এখনো তার দায়িত্বে আছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়নি।"
বিষয়টি নিয়ে গণমাধ্যমেও ভিন্ন ভিন্ন খবর দেওয়া হচ্ছে। কোনো কোনো সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, প্রণব মুখার্জী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আবার অনেক গণমাধ্যম জানিয়েছে, মনমোহন সিং তার দায়িত্বেই আছেন।
ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকে নেতৃত্ব দিয়ে আগামী মে মাসে জাতীয় নির্বাচনের বৈতরণী পার করার গুরুদায়িত্ব পালনের পর্যায়ে অস্ত্রোপচারের মুখোমুখি হলেন মনমোহন সিং।
মনমোহনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে জনমনে যে কোনো সন্দেহ তার নির্বাচনী অভিযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান রাহুল গান্ধী তার উত্তরসূরি হিসেবে আসছেন- গণমাধ্যমে এমন সরব খবরের মধ্যে শনিবার তার অস্ত্রোপচার হয়েছে।
আসন্ন নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জিতলে প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং বহাল থাকবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদীদের জোটের সঙ্গে।
করোনারি আর্টারিতে এই অস্ত্রোপচারের ফলে মনমোহনের পক্ষে পুরোপুরিভাবে নির্বাচনী প্রচারণায় নামা সম্ভব হবে না। তবে বিশ্লেষকরা বলছেন, মৃদুভাষী এই অর্থনীতিবিদকে কখনোই মূল প্রচারণায় নামায়নি কংগ্রেস।
১৯৯০ সালে লন্ডনে একবার বাইপাস সার্জারি হয় মনমোহনের। ২০০৬ সালে কব্জিতে অস্ত্রোপচার এবং গত বছর পোস্টেট গ্লান্ডে অস্ত্রোপচার ও চোখের ছানি অপসারণ করা হয়।
বর্তমান অস্ত্রোপচার মনমোহনের শরীরের জন্য খুব একট ঝুঁকিপুর্ণ হবে না বলে মন্তব্য করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ড. টি এস ক্লের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯০২ ঘ.
bdnews24