২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ২০,০০০ মেরিন সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের সহিংস পরিস্থিতি মোকাবেলায় সেনাশক্তি জোরদারের লক্ষ্যে দেশটিতে আরও ২০,০০০ মেরিন সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ মেরিন কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের সহিংস পরিস্থিতি মোকাবেলায় সেনাশক্তি জোরদারের লক্ষ্যে দেশটিতে আরও ২০,০০০ মেরিন সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ মেরিন কর্মকর্তা একথা বলেছেন। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার আগেই আফগান পরিস্থিতি মোকাবেলায় সেখানে আরও সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উর্ধ্বতন সামরিক উপদেষ্টাদের নিয়ে এ বিষয়ে বৈঠক করেন এবং আফগান পরিস্থিতির একটি সার্বিক পর্যালোচনার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পকরা আগামী ১২ থেকে ১৮ মাসে আফগানিস্তানে আরও ৩০,০০০ সেনা বাড়ানোর চিন্তা করছেন। এখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৪,০০০ সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে মাত্র ২,২০০ জন মেরিন সেনা। তবে এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস কমান্ড্যান্ট জেনারেল জেমস কনওয়ে আরও জানিয়েছেন, আফগানিস্তানে সেনা বাড়াতে হলে এখানে যে সংখ্যক মেরিন সেনা মোতায়েন হবে ইরাক থেকে সমসংখ্যক মেরিন সেনা কমিয়েই তা করতে হবে। তা নাহলে মেরিন সেনাদের সাত মাসের মোতায়েন পরিকল্পনার সাধারণ ধারবাহিকতা ব্যাহত হবে। আফগানিস্তানে কতোজন মেরিন সেনা মোতায়েন করা হতে পারে সে সম্পর্কে জেনারেল কনওয়ে জানান, "আমরা ধারণা করছি সংখ্যাটি ২০,০০০ কিংবা তারচেয়ে কম হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৫ ঘ.