২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের জন্য আরও পদক্ষেপ নিতে ওবামাকে জাতিসংঘের আহ্বান

গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের সিদ্ধান্ত এবং ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত শিবিরগুলোতে আটক বন্দিদের অধিকার রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি বৃহস্পতিবার আহান জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

জেনেভা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের সিদ্ধান্ত এবং ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত শিবিরগুলোতে আটক বন্দিদের অধিকার রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি বৃহস্পতিবার আহান জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা। এছাড়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে আটক বন্দিদের ওপর নির্যাতন এবং আইন বহির্ভূতভাবে জিজ্ঞাসাবাদের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওবামার প্রতি আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই। পিল্লাই রয়টার্সকে বলেন, "মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং বিশ্বজুড়ে সব অত্যাচারিতদের মুখপাত্র হিসেবে আমি গুয়ান্তানামো শিবির বন্ধে ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি আশা করছি খুব শিগগির তার সিদ্ধান্ত কার্যকর হবে।" ওয়াশিংটনে রয়টার্সের কাছে পৌঁছানো একটি খসড়া নির্বাহী আদেশ অনুযায়ী, বিতর্কিত গুয়ান্তানামো শিবির বন্ধে এক বছরের সময় নির্ধারণ করা হয়েছে। কিউবায় মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামোর এই শিবিরটিতে বন্দিদের বিনাবিচারে বছরের পর বছর আটক রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র এখানে প্রায় ২৫০ জনকে আটক রেখেছে এবং এদের মধ্যে ৮০ জনকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের চেষ্টা করছে। পিল্লাই জানান, গুয়ান্তানামো থেকে ছাড়া পাওয়ার পর অনেক বন্দি নির্যাতন ও হত্যার ভয়ে দেশে ফিরতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের উচিৎ এদের কারো কারো দায়িত্ব নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৬ ঘ.