২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের যুগ পেছনে ফেলে ওবামার নতুন অধ্যায় শুরু

পাহাড় পরিমাণ প্রত্যাশার চাপ, সাত দশকের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা, বিশ্বে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার, ইরাক-আফগানিস্তান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি সামলানোর চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু করলেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাহাড় পরিমাণ প্রত্যাশার চাপ, সাত দশকের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা, বিশ্বে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার, ইরাক-আফগানিস্তান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি সামলানোর চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু করলেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। বুশের যুগকে পেছনে ফেলে কাঙ্খিত পরিবর্তনের পথে এগিয়ে যেতে ইতিমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। অভিষেক ভাষণেই প্রেসিডেন্ট হিসেবে নিজের অগ্রাধিকারের বিষয়গুলোর ইঙ্গিত দেন ওবামা। বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ থেকেই উঠে দাঁড়িয়ে, ধুলো ময়লা ঝেড়ে আমাদেরকে আবার আমেরিকাকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে।" দেশ পুনর্গঠনের কাজে ওবামার এক নম্বর অগ্রাধিকার হচ্ছে মন্দাপীড়িত অর্থনীতি উদ্ধারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা। আর এ লক্ষ্যে বুধবারই ঊর্ধ্বতন অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা। খুব শিগগিরই ৮২৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনা নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত কংগ্রেসের বৈঠকে বসার কথা রয়েছে। চলমান অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে "লোভ ও দায়িত্বহীনতা" এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা এড়িয়ে যাওয়াকে দায়ী করেছেন ওবামা। অর্থনীতির পরই বিদেশনীতি যে ওবামার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে সে বিষয়টিও স্পষ্ট। অভিষেক ভাষণেই তিনি বলেছেন, "দায়িত্বশীলতার" সঙ্গেই ইরাক ছেড়ে আসা উচিৎ যুক্তরাষ্ট্রের। একইসঙ্গে কষ্টার্জিত শান্তির পথে আফগানিস্তানকে সহায়তা করার কথাও বলেছেন তিনি। ইরাক ও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বুধবারই উর্ধ্বতন সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওবামার। গুয়ানতানামো বন্দিশালা বন্ধের বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ ওবামা ক্ষমতা গ্রহণের পরপরই আগামী ১২০ দিনের জন্য সেখানকার সব মামলার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের বিষয়টির প্রতি ইঙ্গিত করে ওবামা "নিরাপত্তা এবং নৈতিকতার মধ্যে পছন্দের" ধারণাকে ভ্রান্ত বলে নাকচ করে দেন। ওদিকে, ওবামার মনোনয়ন দেওয়া হিলারি ক্লিনটনকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়ে অনুমোদন দেওয়া হবে বুধবারের সিনেট বৈঠকে। কিন্তু অর্থমন্ত্রী হিসেবে টিম গেইদনারের অনুমোদনের বিষয়টি পিছিয়ে যেতে পারে তার কর ফাঁকি দেওয়া নিয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের শুনানির জটিলতার কারণে। এছাড়া মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততা দূর করা এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন ধরনের কূটনীতির বিষয়ে জোর দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে ওবামার সহযোগীদের কাছ থেকে। এজন্য যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এবং আন্তর্জাতিক সংকট নিরসনের অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ ব্যক্তিত্ব জর্জ মিচেলকে মধ্যপ্রাচ্য দূত হিসেবে নিয়োগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.