২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

ইউক্রেইনের সঙ্গে গ্যাসের দাম নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছয়দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। রাশিয়া থেকে ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের প্রায় ২০ টি দেশে শীতকালের জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নভো-ওগারায়োভো, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউক্রেইনের সঙ্গে গ্যাসের দাম নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছয়দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। রাশিয়া থেকে ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের প্রায় ২০ টি দেশে শীতকালের জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছিল। ইউক্রেইনের প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো এবং রাশিয়ার গ্যাস রপ্তানিকারক সংস্থা 'গ্যাজপ্রোম' এর কর্মকর্তাদের মধ্যে আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে ১০ বছরের গ্যাস চুক্তি স্বাক্ষরের পর পুনরায় গ্যাস সরবরাহ চালু হল। এর মধ্য দিয়ে ছয়দিনের অচলাবস্থা নিরসন হল। গ্যাজপ্রোমের মুখপাত্র সের্গেই কুপ্রিয়ানভ বলেন, " আজ ১০:০৫ (২:০৫ ইএসটি) থেকে ইউক্রেইন সুজা'র (পশ্চিম রাশিয়ার কপ্রেসার স্টেশন) মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস নিতে শুরু করেছে।" ওদিকে ইউক্রেইনের নাফতোগ্যাজ জ্বালানি ফার্মের মুখপাত্রও নিশ্চিত করে জানিয়েছেন যে, ইউক্রেনের পাইপলাইন দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস প্রবাহ শুরু হয়েছে। গ্যাসের দাম নিয়ে বিরোধের কারণে ১ জানুয়ারি থেকে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরপর রাশিয়া অভিযোগ করে যে, চাহিদা পূরণের জন্য ইউক্রেইন গ্যাস পাইপলাইন থেকে 'সাইফন' পদ্ধতিতে গ্যাস চুরি করছে। ইউক্রেইন ওই অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে যে, ইউরোপের জ্বালানি ভোক্তাদের জিম্মি করছে রাশিয়া। ব্রাসেলসে স্বাক্ষরিত পর্যবেক্ষণ চুক্তি অনুসারে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল রাশিয়া-ইউক্রেইন গ্যাস পাইপলাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং কয়েকটি কারিগরি বিষয়ের পর্যবেক্ষণ করবে। যাতে করে কোনোভাবে পাইপলাইন থেকে গ্যাস চুরি করা না যায়। ইউক্রেইন পর্যবেক্ষণের এ শর্ত মেনে নেওয়ার পরই ওই চুক্তি স্বাক্ষর হয়। ওদিকে, প্রতি ১,০০০ কিউবিক মিটার গ্যাসের দাম হিসেবে ৪৫০ মার্কিন ডলার দাবি করছে গ্যাজপ্রোম। ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা গ্যাসের জন্য যে দাম দেন তার হিসেবে এটা বেশি না হলেও ইউক্রেনীয়রা গত বছরও রাশিয়ার কাছ থেকে যে দামে গ্যাস কিনেছেন তার তুলনায় এটা অনেক বেশি। গত বছর ওই একই পরিমাণ গ্যাস ১৭৯ দশমিক ৫ মার্কিন ডলার হিসেবে কিনেছে ইউক্রেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৮ ঘ.