কাবুল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী পরিচালিত সিরিজ অভিযানে সোমবার দুই তালেবান কমান্ডারসহ ২২ জন নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে পরিচালিত এ অভিযানে বিমান থেকেও হামলা করা হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, কাবুলের উত্তর-দক্ষিণাঞ্চলের কাপিসা প্রদেশের তালেবানদের লক্ষ্য করে এ অভিযান চলে। এতে এক তালেবান কমান্ডারসহ ১৮ জন নিহত হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, এরা আফগানিস্তানে নিয়োজিত বিদেশি সেনাসহ আফগানদের ওপর পরিচালিত বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিল। এছাড়া অভিযানের সময় যৌথ বাহিনী আরও আট জনকে আটক করেছে বলেও জানিয়েছে তারা।
কান্দাহার প্রদেশের দক্ষিণাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে এক তালেবান কমান্ডার ও পাশ্ববর্তী জাবুল প্রদেশের দুই তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
তবে এ অভিযানে যৌথ বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু জানায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে তালেবানদের কাছ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪২ ঘ.
bdnews24