গাজা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ও মিসরে ইসরায়েলি দূত পাঠিয়ে যুদ্ধবিরতির শেষ চেষ্টার মধ্যে লড়াইয়ের তীব্রতা কমেছে গাজায়। গাজায় হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবারেই হতে পারে বলে আভাস দিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির জন্য হামাসের দেওয়া দুটি প্রধান শর্ত ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।
তারপরও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ গ্রহণের সময় এগিয়ে আসায় অনেকেই মনে করছেন ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে হামলা বন্ধ করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ বলেছেন, "আমরা কাজের চূড়ান্ত পর্যায়ে রয়েছি বলেই আশা করছি।" ওয়াশিংটন ও কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যাওয়া দূতদের ব্রিফিংয়ের ভিত্তিতে নিরাপত্তা মন্ত্রিসভা খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে বলে জানান রেগেভ। এ সিদ্ধান্ত শনিবারের মধ্যেই হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
যুদ্ধবিরতির এই চেষ্টার মধ্যে শুক্রবার অপেক্ষাকৃত শান্ত অবস্থা প্রত্যক্ষ করেছে গাজাবাসীরা। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেঞ্জামিন বেন এলিজার বলেছেন, শর্তগুলো এখনও ফলপ্রসু হয়নি। তবে শনিবারের মধ্যে তা হয়ে যেতে পারে।
ফিলিস্তিনি গেরিলা দল হামাসের হাতে অস্ত্র প্রবাহ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পাকাপোক্ত করতে শুক্রবার ওয়াশিংটনে যান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। গাজায় ২০ দিনের হামলা অবসানে এটিই ইসরায়েলের প্রধান শর্ত।
ওদিকে, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে এক সপ্তাহের মধ্যে গাজা থেকে সেনা প্রত্যাহার এবং সীমান্ত পারাপার পথ খুলে দেওয়ার শর্ত দিয়েছে হামাস। মিসরের সঙ্গে বৈঠকে হামাস এই প্রস্তাব দেওয়ার পর লিভনি ওয়াশিংটনে গেলেন। তবে হামাসের প্রস্তাব বা শর্তের ব্যাপারে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস তাকে বলেছেন, যুক্তরাষ্ট্র চোরাচালানের বিষয়টি সুরাহা করতে প্রস্তুত থাকবে। ঊর্ধ্বতন এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি হওয়ার আগে ইসরায়েল মাঠ পর্যায়ে শেষ মূহূর্তের ফল লাভের চেষ্টায় আছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরকালে বলেন, ইসরায়েল সরকার যুদ্ধবিরতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে। তবে তিনি বলেন, এ সিদ্ধান্ত নিতে আর কয়েকদিন লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৫ ঘ.
bdnews24