গাজা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় অস্ত্র চোরাচালান বন্ধে সীমান্ত চুক্তির উদ্যোগ নিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের হাতে অস্ত্র প্রবাহ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পাকাপোক্ত করতে শুক্রবার ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। গাজায় ২০ দিনের হামলা অবসানে এটিই ইসরায়েলের প্রধান শর্ত।
ওদিকে, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে এক সপ্তাহের মধ্যে গাজা থেকে সেনা প্রত্যাহার এবং সীমান্ত পারাপার পথ খুলে দেওয়ার শর্ত দিয়েছে হামাস। মিসরের সঙ্গে বৈঠকে হামাস এই প্রস্তাব দেওয়ার পর লিভনি ওয়াশিংটনে গেলেন। তবে হামাসের প্রস্তাব বা শর্তের ব্যাপারে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস তাকে বলেছেন, যুক্তরাষ্ট্র চোরাচালানের বিষয়টি সুরাহা করতে প্রস্তুত থাকবে। ঊর্ধ্বতন এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি হওয়ার আগে ইসরায়েল মাঠ পর্যায়ে শেষ মূহূর্তের ফল লাভের চেষ্টায় আছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরকালে বলেছেন, ইসরায়েল সরকার যুদ্ধবিরতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে। তবে তিনি বলেন, এ সিদ্ধান্ত নিতে আর কয়েকদিন লাগতে পারে।
যুদ্ধবিরতির জোর কূটনৈতিক চেষ্টার মধ্যেও গাজায় গোলা হামলা বন্ধ করেনি ইসরায়েল। গণহত্যা বন্ধের আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তারা। ফিলিস্তিনি রকেট হামলা এবং হামাসের হাতে অস্ত্র চোরাচালান বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েল।
২৭ ডিসেম্বর থেকে গাজায় শুরু হওয়া হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১১০৫ এবং আহতের সংখ্য্ াদাঁড়িয়েছে ৫১০০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৫ ঘ.
bdnews24