নয়া দিল্লি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড মঙ্গলবার বলেছেন, গত নভেম্বরের ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সরাসরি জড়িত ছিল না বলে তিনি মনে করেন।
এক সংবাদ সম্মেলনে মিলিব্যান্ড বলেন, "আমি প্রকাশ্যেই বলছি, পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের নির্দেশনায় মুম্বাই হামলা হয়েছে- একথা আমি বিশ্বাস করি না এবং এই বিষয়টি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।"
নভেম্বরে মুম্বাইয়ের দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থাপনায় সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহত হয়। ভারতের দাবি এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়্যেবা দায়ী এবং পাকিস্তানের গোয়েন্দারা এর সঙ্গে জড়িত ছিল।
মিলিব্যান্ড অবশ্য বলেছেন, পাকিস্তান থেকেই যে মুম্বাই হামলার পরিকল্পনা করা হয়েছে এটা স্পষ্ট এবং ইসলামাবাদকে তাদের মাটিতে জঙ্গিদের অবশ্যই নির্মূল করতে হবে।
তিনি বলেন, "হামলা কোথা থেকে হয়েছে এ বিষয়ে আমরা একেবারেই পরিষ্কার এবং পাকিস্তানের দায়িত্ব অপরাধীদের বিচারের সম্মুখীন করা।"
তিনি আরও বলেন, "এক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয় হলো, লস্কর-ই-তৈয়্যেবার প্রতি পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং তাদের হুমকিকে তারা কীভাবে গ্রহণ করছে।"
পাকিস্তান লস্কর-ই-তৈয়্যেবার বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নেওয়া হতাশ হয়ে পড়ছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৫৬ ঘ.
bdnews24