২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমর্থন কমলেও পদত্যাগে নারাজ জাপানের প্রধানমন্ত্রী

কয়েক দফা জনমত জরিপে জনসমর্থন ২০ শতাংশের নীচে নেমে আসতে দেখা গেলেও পদত্যাগ করতে নারাজ জাপানের প্রধানমন্ত্রী তারো আসো। মন্দাপীড়িত অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসা প্রধানমন্ত্রী আসোর নীতিমালার ব্যাপক সমালোচনার পর জাপানের সাবেক এক আর্থিক সেবা মন্ত্রী দীর্ঘদিনের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে আসোর নিয়ন্ত্রণ ভেঙে পড়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 11:50 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

টোকিও, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কয়েক দফা জনমত জরিপে জনসমর্থন ২০ শতাংশের নীচে নেমে আসতে দেখা গেলেও পদত্যাগ করতে নারাজ জাপানের প্রধানমন্ত্রী তারো আসো। মন্দাপীড়িত অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসা প্রধানমন্ত্রী আসোর নীতিমালার ব্যাপক সমালোচনার পর জাপানের সাবেক এক আর্থিক সেবা মন্ত্রী দীর্ঘদিনের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে আসোর নিয়ন্ত্রণ ভেঙে পড়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু পদত্যাগের সম্ভাবনা নাকচ করে ফুজি টেলিভিশনে আসো বলেছেন, "আমি নেতৃত্ব পরিহার করব না।" আসোর আগের দুই প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার এক বছরের মাথায় জনসমর্থন কমে যাওয়ায় পদত্যাগ করেন। এর আগে অন্যান্য প্রধানমন্ত্রীরাও জনসমর্থন কমে যাওয়ায় নয়ত অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। আসো বলছে, এখন আগাম নির্বাচন দেওয়ার সময় নয়। কারণ, দেশের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার পদক্ষেপ নেওয়াটাকে এ মুহূর্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু পার্লামেন্টের প্রভাবশালী নিম্নকক্ষে এ বছর নির্বাচন হতেই হবে। তবে আগামী কয়েক মাসে এলডিপি'র কিছু আইনপ্রণেতা পার্টি থেকে বেরিয়ে গিয়ে বিরোধীদলে যোগ দিতে পারেন এবং পার্লামেন্টে বাজেট-সংশ্লিষ্ট বিল ঠেকানোর চেষ্টা নিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৫ ঘ.