সুভা, জানুযারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভয়াবহ ঝড় ও বন্যার পর পরিস্থিতি মোকাবেলায় ফিজিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। একইসঙ্গে দেশটির তিনটি শহরে কারফিউও জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
রোববারের ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার লোককে। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছেন কয়েক শত বিদেশি পর্যটক। রাস্তাঘাট বন্ধ হয়ে প্রধান প্রধান শহরগুলো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফিজি'র অন্তবর্তী প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা জরুরি অবস্থা জারি করে বলেছেন, গত এক দশকের মধ্যে ভয়াবহতম এ বন্যায় দুর্গত মানুষজনকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করছে তার সরকার।
ওদিকে, আবহাওয়া কর্মকর্তারা আরেকদফা বন্যা ও বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন। আবহাওয়া দপ্তরের প্রধান রাজেন্দ্র প্রসাদ বলেছেন, "প্রধান প্রধান নদীগুলোতে ব্যাপক প্লাবনসহ বিস্তীর্ণ এলাকায় বন্যা হতে পারে।"
ঝড়-বন্যায় বিধ্বস্ত অবস্থার মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে এবং দারিদ্রপীড়িত দেশটিতে অপরাধ ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে 'বা', 'নাদী' ও 'সিগোতাকা' নামের তিনটি শহরে কারফিউ জারি করা হয়েছে।
এ প্রসঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রী রাতু এপেলি সোমবার 'ফিজিলাইভ ওয়েবসাইট'কে বলেন, "এটি মূলত জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের জন্য। এ অবস্থার সুযোগ নিয়ে বন্যাদুর্গত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে চাই আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৫ ঘ.
bdnews24