জাকার্তা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে রোববার ঝড়ে ২৫০ জন যাত্রী বোঝাই একটি ফেরি ডুবে গেছে। যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে তা পরিস্কার জানা যায়নি। ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী একথা জানিয়েছেন।
পরিবহনমন্ত্রী জাসমান সয়াফি জামাল রয়টার্সকে বলেন, ১৫০ জন ফেরি থেকে লাফিয়ে পড়েছে। তারা বেঁচে আছে না মারা গেছে তা জানা যায়নি।
জামাল টেলিফোনে রয়টার্সকে জানান, সুলাবেসি দ্বীপ থেকে ইস্ট কালিমানতানের সামারিন্দাগামী ফেরিটি সাইক্লোনের কবলে পড়ে ৫/৬ মিটার ঊঁচু জলোচ্ছ্বসে তলিয়ে যায়। ফেরিতে ২৫০ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিল। ছিল মালামালও।
একটি পরিবহন সংস্থার মুখপাত্র এর আগে জানান, ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ফেরিটি শনিবার সুলাবেসি দ্বীপের পারে-পারে থেকে যাত্রা শুরু করে রোববার সকালে ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। পারে-পারে বন্দর প্রশাসনের সমুদ্র নিরাপত্তা প্রধান তৌফিক বুলু রয়টার্সকে একথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০২ ঘ.
bdnews24