২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় 'হোয়াইট ফসফরাস' ব্যবহারের অভিযোগ

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' ইসরায়েলের বিরুদ্ধে গাজায় 'হোয়াইট ফসফরাস' যুক্ত গোলাবারুদ ব্যবহারের অভিযোগ এনেছে। একইসঙ্গে শনিবার এক বিবৃতিতে তারা ঘনবসতিপূর্ণ গাজায় এ ধরনের অস্ত্র ব্যবহারে কারণে বেসামরিক লোকজনের মারাত্মক ঝুঁিকর বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

জেরুজালেম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' ইসরায়েলের বিরুদ্ধে গাজায় 'হোয়াইট ফসফরাস' যুক্ত গোলাবারুদ ব্যবহারের অভিযোগ এনেছে। একইসঙ্গে শনিবার এক বিবৃতিতে তারা ঘনবসতিপূর্ণ গাজায় এ ধরনের অস্ত্র ব্যবহারে কারণে বেসামরিক লোকজনের মারাত্মক ঝুঁিকর বিষয়ে সতর্ক করে দিয়েছে। শীর্ষস্থানীয় এ মানবাধিকার সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, ইসরায়েলে অবস্থানকারী তাদের গবেষকরা গাজায় বিমান ও স্থল হামলার বহুসংখ্যক বিস্ফোরণে 'হোয়াইট ফসফরাস' ব্যবহারের প্রমাণ পেয়েছেন। 'হিউম্যান রাইটস ওয়াচ' এর উর্ধ্বতন সামরিক গবেষক মার্ক গারলাসকো বলেছেন, "হোয়াইট ফসফরাস ঘরবাড়ি পুড়িয়ে দিতে পারে এবং মানুষজন এর সংস্পর্শে আসলে দেহের ত্বক মারাত্মকভাবে পুড়ে যেতে পারে।" রোববার ইসরায়েলি স্থলসেনারা দক্ষিণ গাজায় দুটি গ্রামে শেল নিক্ষেপ করে। এতে এক নারী নিহত হন এবং ১৫টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় প্রায় ৫০জন ফিলিস্তিনি অগ্নিদগ্ধ হয়েছেন কিংবা নাকে-মুখে বিষাক্ত গ্যাস ঢুকে পড়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা বলছেন, অগ্নিদগ্ধ ও গ্যাস সংক্রমণের ঘটনা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, ইসরায়েলিরা 'হোয়াইট ফসফরাস' ব্যবহার করছে। কিন্তু ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। গাজায় কি ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও ইসরায়েলি সেনা মুখপাত্র বলেছে, "আন্তর্জাতিক আইন মেনেই সব যুদ্ধাস্ত্র ব্যবহার করছে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)।" যুদ্ধাস্ত্রে 'হোয়াইট ফসফরাস' ব্যবহার বৈধ হলেও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং সেখানে এর প্রয়োগ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। এর আগে ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে যুদ্ধের সময় সেখানে 'হোয়াইট ফসফরাস' ব্যবহারের কথা যুদ্ধপরবর্তী সময়ে স্বীকার করেছিল ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১০ ঘ.