ইলিনয়, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- সিনেটর পদ 'বিক্রির' বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর রড ব্লাগোইয়েভিচকে অভিশংসিত করেছে ওই রাজ্যের প্রতিনিধি পরিষদ। শুক্রবার এ ভোটাভুটি হয়।
ব্লাগোইয়েভিচকে এখন কংগ্রেসের উচ্চকক্ষ রাজ্য সিনেটের মুখোমুখি হতে হবে। সেখানে দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হবে।
শুক্রবার প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে গভর্নরকে অভিশংসনের পক্ষে ভোট দেন ১১৪ জন সদস্য। মাত্র একজন সদস্যকে পক্ষে পান তিনি। ব্লাগোইয়েভিচকে অভিশংসিত করতে ৬০ ভোট হলেই চলতো।
ভোটাভুটির পর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলীয় সদস্য জ্যাক ডি ফ্রাঙ্ক বলেন, "হাউজকে পরিষ্কার রাখা এবং গভর্নর যে ধাপ্পাবাজি শুরু করেছিলেন তা বন্ধ করা আমাদের দায়িত্ব।"
প্রেসিডেন্ট নির্বাচিত বারাক ওবামার ছেড়ে আসা সিনেটর পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে গত মাসে রড ব্লাগোইয়েভিচকে গ্রেপ্তার করে পুলিশ। তবে প্রথম থেকেই তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন। পদত্যাগ করতেও নারাজ ব্লাগোইয়েভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২৩৪৮ঘ.
bdnews24