ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)-- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ফিলিস্তিনী শাসিত গাজাতে সামরিক অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল।
অন্যদিকে হামাসও জাতিসংঘের আহ্বান মানতে অস্বীকৃতি জানিয়েছে।
হামাসের জঙ্গিদের রকেট হামলা নিয়ে সৃষ্ট সঙ্কটের জেরে ইসরায়েল গাজাতে দুই সপ্তাহ ধরে রক্তক্ষয়ী অভিযান চালাচ্ছে। এতে ৭ শ'র বেশি নিহত হয়েছে যাদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট শুক্রবার রাতে বলেন, হামাসের অব্যাহত রকেট হামলা এটা প্রমাণ করেছে যে, জাতিসংঘের এ প্রস্তাব "কার্যকরযোগ্য নয়"।
জাতিসংঘের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, ত্রাণকর্মীদের যাতায়াতের সুযোগ দেওয়া ও অস্ত্র পাচার বন্ধ করার আহ্বান ছিল।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নভি পিল্লাই বলেছেন ইসরায়েলের একটি কাজ যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। গাজাতে আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসা দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের কথিত ব্যর্থতা বিষয়ে আন্তর্জাতিক রেডক্রসের অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২৩২৮ঘ.
bdnews24