২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিসাব কেলেঙ্কারিতে ভারতের সত্যম, চেয়ারম্যানের পদত্যাগ

ভারতের আউটসোর্সিং ফার্ম সত্যম কম্পিউটার সার্ভিসেস এর প্রধান রামলিঙ্গ রাজু বুধবার পদত্যাগ করেছেন। ফার্মটির লাভের পরিমাণ ফুলিয়েফাঁপিয়ে দেখানো হয়েছিল- পদত্যাদের সময় এই স্বীকারোক্তি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ব্যাঙ্গালুরু, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের আউটসোর্সিং ফার্ম সত্যম কম্পিউটার সার্ভিসেস এর প্রধান রামলিঙ্গ রাজু বুধবার পদত্যাগ করেছেন। ফার্মটির লাভের পরিমাণ ফুলিয়েফাঁপিয়ে দেখানো হয়েছিল- পদত্যাদের সময় এই স্বীকারোক্তি করেছেন তিনি। ভারতে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেট কেলেঙ্কারি ঘটনা এটি। রাজুর স্বীকারোক্তির পর প্রতিষ্ঠানটি শেয়ার মূল্য ৮০ শতাংশেরও বেশি পড়ে গেছে। ভারতের শেয়ারবাজারেও অস্থিরতা শুরু হয়েছে। বোম্বের প্রধান বেনশমার্ক সূচক এদিন ৭ দশমিক ৩ শতাংশ নিচে নেমে যায়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অসাধুতার খবরে ভারতে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে। সত্যমের এই ঘটনাকে অনেকে যুক্তরাষ্ট্রের এনরন কেলেঙ্কারির সঙ্গে তুলনা করছেন। ভারতের চতুর্থ বৃহত্তম সফটঅয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান সত্যমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাজু এক বিবৃতিতে বলেন, কয়েক বছর ধরেই সত্যমের লাভের পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে বলা হচ্ছিল। এই আর্থিক অনিয়ম সম্পর্কে তিনি ছাড়া বোর্ড সদস্যদের কেউ অবগত ছিলেন না। তার এই বিবৃতি শুনে নয়াদিল্লির তাউরুস অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, "একটি কোম্পানির চেয়ারম্যান নিজেই যখন এ ধরনের কাল্পনিক সম্পদ গড়ার তথ্য দেন তখন আপনি আর কাকে বিশ্বাস করবেন? ভারতের পুরো কর্পোরেট ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করেছে এই ঘটনা।" প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে বাজারে শেয়ার ছাড়ে সত্যম। রাজু জানিয়েছেন, কোম্পানির নগদ অর্থের যে হিসাব দেওয়া হয়েছে তার ৯৪ শতাংশ তথা প্রায় এক বিলিয়ন ডলারই মনগড়া। যুক্তরাষ্ট্রের ওহাইয়ো বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ৫৪ বছর বয়সী রাজু গত মাসে দুটি কনসোর্টিয়াম কেনার জন্য উঠেপড়ে লাগলে শেয়ারবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সন্দেহের মধ্যে পড়েন। রাজু বুধবার বলেছেন, কাল্পনিক সম্পদের কারণে সৃষ্ট সমস্যার সামাল দিতে এটি ছিল তার শেষ চেষ্টা। তিনি বলেন, "আমি যেন বাঘের পিঠে চড়ে বসেছিলাম। কিন্তু বাঘের পেটে না গিয়ে কীভাবে পিঠ থেকে নেমে যাব সে উপায় আমার জানা ছিল না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৫০ ঘ.