নমপেন, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ক্যাম্বোডিয়ায় খেমাররুজের গণহত্যার কবল থেকে বেঁচে যাওয়া হাজার হাজার মানুষ বুধবার পলপট সরকারের পতনের ৩০ বছরপূর্তি উদযাপন করেছে। ১৭ লাখ মানুষ হত্যাকারী কট্টর মাওবাদী খেমাররুজ বাহিনীর পতনের বার্ষিকীতে তাদের প্রতি ঘৃণা এবং নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে রাজধানী নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে জড়ো হয়েছিল ৮০ হাজারের বেশি মানুষ।
ক্ষমতাসীন ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি আয়োজিত অনুষ্ঠানে দলটির প্রেসিডেন্ট ও সাবেক গেরিলা নেতা চিয়া সিম জনতার উদ্দেশে বলেন, "গণহত্যার কবল থেকে আমাদের রক্ষা করতে যারা জীবন দিয়েছে তাদের আমরা সবসময় স্মরণ করি।"
চারবছরের শাসনকালে দেশটিকে বধ্যভূমিতে পরিণত করেছিল পলপটের নেতৃত্বাধীন খেমাররুজ সরকার। ১৯৭৯ সালের ৭ জানুয়ারি প্রতিবেশী ভিয়েতনামের নেতৃত্বাধীন বাহিনী খেমাররুজদের উৎখাত করে নমপেনে একটি পুতুল সরকার বসায়। বর্তমান ক্ষমতাসীন দল ওই সরকারেরই উত্তরসূরি।
মানব নিধনযজ্ঞের ওই ঘটনার পর এখন পর্যন্ত খেমাররুজের বেঁচে থাকা নেতাদের কাউকেই বিচারের মুখোমুখি হতে হয়নি। দোষীদের বিচারের ক্ষেত্রে 'ধীরে চলো' নীতির জন্য সরকারকে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।
তবে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি যুদ্ধাপরাধ আদালতে প্রয়াত পলপটের পাঁচ জল্লাদের বিচার কয়েক মাসের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে।
ওই ভয়ঙ্কর সময়ে আট আত্মীয়কে হারানো শ্রেই খোন দুঃখ করে রয়টার্সকে বলেন, "খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমার প্রিয়জনদের আত্মা শান্তি পাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৫ ঘ.
bdnews24