কাবুল, জানুযারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান বিরোধী এক সেনা অভিযানে পাঁচ বেসামরিক আফগানের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে ন্যাটো নেতৃত্বাধীন ব্রিটিশ সেনারা। মঙ্গলবার ন্যাটোর এক সেনা মুখপাত্র একথা জানিয়েছেন।
গত সোমবার রাতে হেলমান্দ প্রদেশের বাঘনি জেলায় ব্রিটিশ সেনাদের এক সেনা অভিযানের সময় স্থানীয় একটি পরিবারের পাচঁ সদস্য মারা যান বলে জানিয়েছে প্রাদেশিক সরকারের একটি সূত্র। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে ব্রিটিশ সেনারা ওই ঘটনাটি তদন্ত করে দেখার উদ্যোগ নেয়।
আফগানিস্তানে বিদেশি সেনাদের তালেবান বিরোধী অভিযানে শত শত বেসামরিক আফগানের মৃত্যু দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশী সেনাদের উপস্থিতির বিষয়টি এবং পশ্চিমা দেশগুলো সমর্থিত হামিদ কারজাইয়ের সরকারকে ক্রমশ অজনপ্রিয় করে তুলছে।
হেলমান্দে ব্রিটিশ সেনবাহিনীর মুখপাত্র মেজর স্টিভ মেলবোর্ন জানান, "আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।" ওই মুখপাত্র বিস্তারিত আর কিছু জানাননি।
জাতিসংঘের সূত্র উল্লেখ করে আফগানিস্তানের একটি মানবাধিকার সংগঠন গত মাসে জানায়, গত বছরের অক্টোবর পযৃন্ত বিদেশি সেনা অভিযানে কমপক্ষে ৭০০ বেসামরিক আফগান নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24